শিরোনাম

মার্কিন গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য সুখবর

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
মার্কিন গ্রিন কার্ডের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য সুখবর
প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রে ফ্যামিলি-বেইজড গ্রিন কার্ডের আবেদনকারী বাংলাদেশিদের জন্য বড় স্বস্তির খবর এসেছে। দেশটির পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত আগস্টের ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক অভিবাসন ভিসার ‘এফ-২এ’ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এর ফলে যেসব বাংলাদেশি দীর্ঘদিন ধরে ভিসা প্রক্রিয়ার চূড়ান্ত পর্যায়ের অপেক্ষায় ছিলেন, তাদের ভিসা পাওয়ার পথ অনেকটাই সুগম হলো।

সাধারণত যুক্তরাষ্ট্রের বৈধ স্থায়ী বাসিন্দা বা গ্রিন কার্ডধারী ব্যক্তিদের স্বামী বা স্ত্রী এবং ২১ বছরের কম বয়সি অবিবাহিত সন্তানরা ‘এফ-২এ’ ক্যাটাগরির অন্তর্ভূক্ত। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আগস্ট ২০২৬-এর ভিসা বুলেটিন অনুযায়ী, এ ক্যাটাগরির ‘ফাইনাল অ্যাকশন ডেট’ ১ জানুয়ারি ২০২৫ থেকে বাড়িয়ে ২২ জুলাই ২০২৬ নির্ধারণ করা হয়েছে। মাত্র এক মাসের ব্যবধানে কাট-অফ তারিখে এত বড় পরিবর্তন খুব একটা দেখা যায় না।

এ রদবদলের ফলে যেসব বাংলাদেশি আবেদনকারীর ‘প্রাইওরিটি ডেট’ ২২ জুলাই ২০২৬ বা তার আগের, তারা এখন থেকে চূড়ান্ত অভিবাসন ভিসা ইস্যু করা কিংবা সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়াগুলো দ্রুত শেষ করার সুযোগ পাবেন।

মার্কিন অভিবাসন বিধি অনুযায়ী, ভিসা বুলেটিনের ‘ফাইনাল অ্যাকশন ডেট’-এর ওপর ভিত্তি করেই মূলত নির্ধারণ করা হয় কোন কোন তারিখের আবেদনকারীদের ভিসা প্রদান সম্ভব। অন্যদিকে জাতীয় ভিসা কেন্দ্র বা এনভিসি-র নিয়ম অনুসারে, কোটা-সীমাবদ্ধ পরিবারভিত্তিক ভিসায় সাক্ষাৎকারের তারিখ পেতে হলে আবেদনকারীর এই অগ্রাধিকার তারিখটি কার্যকর থাকতে হয়। ফলে আগস্টের ভিসা বুলেটিনের এ বড় পরিবর্তন দীর্ঘদিন ধরে স্বজনদের অপেক্ষায় থাকা প্রবাসী বাংলাদেশি ও তাদের পরিবারগুলোর মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে।

/এমএকে/