শিরোনাম

বিনামূল্যে করা যাবে ডেঙ্গু পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
বিনামূল্যে করা যাবে ডেঙ্গু পরীক্ষা
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের লোগো

দেশের সব সরকারি হাসপাতালে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু রোগ নির্ণয়ে এনএস-১ পরীক্ষা বিনামূল্যে করার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

রবিবার (৫ জুলাই) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরিফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি হাসপাতালে বিনামূল্যে এনএস১ পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সম্মতির ভিত্তিতে সরকারি হাসপাতালে ডেঙ্গু রোগ নির্ণয়ের জন্য এনএস১ পরীক্ষা চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত বিনামূল্যে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, সরকারি হাসপাতালে ডেঙ্গুর উপসর্গ নিয়ে চিকিৎসা নিতে আসা রোগীরা কোনো ধরনের ফি ছাড়াই এনএস১ পরীক্ষা করাতে পারবেন। এর মাধ্যমে দ্রুত রোগ শনাক্ত এবং সময়মতো চিকিৎসা নিশ্চিত করা সহজ হবে বলে আশা করা হচ্ছে।

দেশে ডেঙ্গুর সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় রোগ নির্ণয় সহজ ও দ্রুত করতে এ উদ্যোগ নিয়েছে সরকার।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, জ্বরের প্রাথমিক পর্যায়ে এনএস১ পরীক্ষা করলে ডেঙ্গু শনাক্তে কার্যকর ফল পাওয়া যায় এবং দ্রুত চিকিৎসা শুরু করা সম্ভব হয়।

/এসবি/