শিরোনাম

আদ্-দ্বীনের দায়িত্বে কে এই জামালুন্নেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আদ্-দ্বীনের দায়িত্বে কে এই জামালুন্নেচ্ছা
আদ্-দ্বীন হাসপাতালের নতুন নির্বাহী পরিচালক জামালুন্নেসা।

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এ ঘটনার পর হাসপাতালটির নির্বাহী পরিচালকের দায়িত্ব থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন ডা. শেখ মহিউদ্দিন। তার স্থলে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক জামালুন্নেসা।

মঙ্গলবার (১৬ জুন) আদ্-দ্বীন ফাউন্ডেশন কোম্পানি অ্যাফেয়ার্সের পরিচালক তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে যাওয়া শিশু মৃত্যুর অনাকাঙ্ক্ষিত ঘটনায় আমরা দেশের সঙ্গে গভীরভাবে শোকাহত। প্রাথমিক তদন্তের ভিত্তিতে দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে তদারকি ব্যবস্থা জোরদার এবং বিদ্যমান প্রটোকল পুনর্মূল্যায়নের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এতে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দিকনির্দেশনা অনুযায়ী আমরা আমাদের অবকাঠামো ও ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। ইতোমধ্যে অবকাঠামোগত উন্নয়নের কাজ পুরোদমে শুরু হয়েছে। আলো-বাতাস চলাচল তথা অক্সিজেনের উপস্থিতি নিশ্চিত করতে তিনজন স্বতন্ত্র (ইন্ডিপেনডেন্ট) কনসালট্যান্টের নেতৃত্বে প্রয়োজনীয় পরিবর্তন ও পরিমার্জনের কাজ চলমান রয়েছে। করপোরেট অফিসের উপরে অবস্থিত বেকারিটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, অধ্যাপক জামালুন্নেসা দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগে শিক্ষকতা করে সম্প্রতি স্বেচ্ছায় অবসর গ্রহণ করেছেন। তিনি ১৯৮৮ সালে একই বিভাগ থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন।

এতে বলা হয়েছে, অলাভজনক প্রতিষ্ঠান আদ্-দ্বীন ফাউন্ডেশন ১৯৮০ সাল থেকে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য স্বাস্থ্যসেবা, চিকিৎসা শিক্ষা, সাধারণ শিক্ষা, প্রশিক্ষণ এবং আয়বৃদ্ধিমূলক প্রকল্প পরিচালনা করে আসছে। বর্তমানে ফাউন্ডেশনের অধীনে ৯টি হাসপাতাল, ৫টি মেডিকেল কলেজ, ১টি নার্সিং কলেজ, ৪টি নার্সিং ইনস্টিটিউট, ১টি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি, ১টি কলেজিয়েট স্কুল এবং বিভিন্ন জনকল্যাণমূলক ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা কার্যক্রম চলমান রয়েছে।

বিবৃতিতে আরোও বলা হয়েছে, শুধুমাত্র আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল, মগবাজার ঢাকায় গত ২৯ বছরে ১ কোটি ৫৭ লাখ ৭৩ হাজার ২৯১ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেছেন। ১১ জুন ২০২৬ সাল পর্যন্ত প্রতিদিন বহির্বিভাগে প্রায় দুই হাজার রোগী চিকিৎসা নিয়েছেন। এ হাসপাতালে ১ হাজার ৭৯০ জন চিকিৎসক, নার্স ও কর্মী যুক্ত রয়েছেন, যাদের অধিকাংশই নারী। এছাড়া আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে বর্তমানে ২০৯ জন বিদেশি শিক্ষার্থীসহ মোট ৬৪৬ জন শিক্ষার্থী অধ্যয়ন করছেন। প্রতিষ্ঠানটির দুই সহস্রাধিক চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং শিক্ষার্থী তাদের শিক্ষা ও পেশাগত ভবিষ্যতের জন্য এর ওপর নির্ভরশীল।

/এসবি/