শিরোনাম

‘জাপানের প্রযুক্তি খাতে বাংলাদেশি তরুণরা অবদান রাখতে পারে’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
‘জাপানের প্রযুক্তি খাতে বাংলাদেশি তরুণরা অবদান রাখতে পারে’
সেমিনারে বক্তব্য রাখেন জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী। ছবি: দূতাবাস

বাংলাদেশের তরুণ জনশক্তির মেধা ও দক্ষতাকে কাজে লাগাতে জাপানের প্রযুক্তিখাত সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন সেদেশে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী। বুধবার (২২ জুলাই) টোকিওর বাংলাদেশ দূতাবাস অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনার তিনি এ আহ্বান জানান।

‘এআই-ড্রিভেন ডেভেলপমেন্ট অ্যাম্পিফ্লাইং ট্যালেন্ট ক্যাপাসিটি ইন দ্য জাপানিজ মার্কেট’ শীর্ষক এই সেমিনার যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ দূতাবাস, ব্রেইন স্টেশন টোয়েন্টিথ্রি ও জেট্রো। সেমিনারে জাপানের শীর্ষস্থানীয় সিস্টেম ইন্টিগ্রেটর ও প্রযুক্তি খাতের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী বলেন, বাংলাদেশের প্রযুক্তি খাতে রয়েছে এক বিশাল তরুণ ও দক্ষ জনবল। বি-জেট প্রোগ্রাম এবং মিয়াজাকি-বাংলাদেশ মডেল ফ্রেমওয়ার্কের সফল পথ ধরে এরইমধ্যে দুই হাজারের বেশি বাংলাদেশি আইটি বিশেষজ্ঞ জাপানি প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে কাজ করছেন। জাপানের আইটি খাতের বর্তমান চাহিদা পূরণে বাংলাদেশের এই বিপুল সংখ্যক সম্ভাবনাময় তরুণ জনশক্তি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে ভূমিকা রাখতে পারে।

সেমিনারে জাপানি উদ্যোক্তাদের জন্য দ্বিপক্ষীয় ব্যবসা ও সহযোগিতার সুযোগ নিয়ে বিশেষ বক্তব্য রাখেন জেট্রোর গ্লোবাল স্ট্র্যাটেজি বিভাগের সিনিয়র ডিরেক্টর ইউজি আন্দো এবং সুমিতোমো কর্পোরেশনের ডিরেক্টর তারো কাওয়াচি।

জাপানি প্রযুক্তি বাজারের বর্তমান চাহিদা ও এর নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন ওয়ান টেরেসি ইনকর্পোরেটেডের ব্যবস্থাপনা পরিচালক তাতসুয়া ইশিনাকা।

সেমিনারের কারিগরি সেশন পরিচালনা করেন ব্রেইন স্টেশন টোয়েন্টিথ্রি জাপানের প্রতিনিধি ইয়াসুফুমি কাজিউরা এবং রাইসুল ইসলাম। এসময় তারা বাস্তব কেস স্টাডি এবং এআই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে প্রজেক্টের কাজের গতি, মান ও ব্যয় কমানোর সফল উদাহরণগুলো তুলে ধরেন।

সমাপনী বক্তব্য দেন ব্রেইন স্টেশন টোয়েন্টিথ্রি-এর প্রতিনিধি কেশো চো এবং এম জে ফেরদৌস।

সেমিনার শেষে নেটওয়ার্কিং সেশনে সংশ্লিষ্ট খাতের অংশগ্রহণকারী ও জাপানি প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা মতবিনিময় করেন।

/এফসি/