শিরোনাম

নতুন করে সংসার শুরুর বিষয়ে যা বললেন আপু বিশ্বাস

সিটিজেন ডেস্ক
নতুন করে সংসার শুরুর বিষয়ে যা বললেন আপু বিশ্বাস
ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। ছবি: সংগৃহীত

পর্দায় নিয়মিত দেখা না গেলেও বছরজুড়েই আলোচনায় থাকেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। শোরুম উদ্বোধন, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচারণা কিংবা সামাজিক মাধ্যমে নতুন লুকে হাজির হয়ে ভক্তদের নজর কাড়েন তিনি। একইসঙ্গে তার ব্যক্তিগত জীবন নিয়েও দর্শকের আগ্রহ কম নয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবন ও ক্যারিয়ার নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী। সেখানে বিয়ে প্রসঙ্গে প্রশ্ন করা হলে অপু বিশ্বাস জানান, জীবনের একটি ভুল সিদ্ধান্ত ছিল তার বিয়ে। তিনি জানান, অল্প বয়সে আবেগের বশে নেওয়া সেই সিদ্ধান্ত সঠিক ছিল না। তিনি মনে করেন, মানসিক পরিপক্বতা অর্জনের আগে কোনো মেয়েরই বিয়ের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।

নতুন করে সংসার শুরু করার পরিকল্পনা আছে কি না এমন প্রশ্নে সরাসরি কোনো উত্তর দেননি তিনি। বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, এ মুহূর্তে এ ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার মতো অবস্থায় তিনি নেই।

বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল ও সমালোচনার বিষয়ে অপু বিশ্বাস জানান, এসব তাকে তেমন প্রভাবিত করে না। বেশির ভাগ সময় তিনি এগুলো উপেক্ষা করেন, কখনো কখনো উপভোগও করেন।

উল্লেখ্য, ২০০৮ সালের ১৮ এপ্রিল ঢালিউডের শীর্ষ অভিনেতা শাকিব খানকে বিয়ে করেন অপু বিশ্বাস। দীর্ঘদিন বিষয়টি গোপন রাখার পর ২০১৭ সালে একটি টেলিভিশন অনুষ্ঠানে এসে বিয়ের কথা প্রকাশ করেন তিনি। পরে ২০১৮ সালের ১২ মার্চ তাদের বিবাহবিচ্ছেদ হয়। এই দম্পতির একটি পুত্রসন্তান রয়েছে।

সাক্ষাৎকারে কাজের অভিজ্ঞতার কথাও তুলে ধরেন অপু। তিনি বলেন, ক্যারিয়ারের শুরুর সময় তিনি অনেকটাই আবেগপ্রবণ ছিলেন। ক্যামেরার সামনে কী বলা বা করা উচিত, সে বিষয়ে তখন ততটা সচেতন ছিলাম না। সময়ের সঙ্গে সেই জায়গায় পরিবর্তন এসেছে।

এদিকে এই বছরে ঈদুল ফিতরে তার অভিনীত ‘দুর্বার’ সিনেমাটি মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। তবে আসন্ন কোরবানির ঈদে তার নতুন ছবি ‘সিক্রেট’ মুক্তি পেতে পারে বলে শোনা যাচ্ছে। যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।

/এসএ/