শিরোনাম

নতুন বউয়ের সাজে মুগ্ধতা ছড়ালেন পূর্ণিমা

বিনোদন ডেস্ক
নতুন বউয়ের সাজে মুগ্ধতা ছড়ালেন পূর্ণিমা
চিত্রনায়িকা পূর্ণিমা।

নতুন লুকে সামাজিক যোগাযোগমাধ্যমে হাজির হয়ে আবারও নেটিজেনদের নজর কেড়েছেন ঢাকাই চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ব্রাইডাল ফটোশুটের ভিডিওর মাধ্যমে মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন তিনি।

ভিডিওটিতে হালকা গোলাপি রঙের জমকালো ব্রাইডাল পোশাকে রাজকীয় আবহে ধরা দিয়েছেন অভিনেত্রী। গয়না হিসেবে তার পরনে ছিল মানানসই সবুজ পাথরের সেট ও কপালে টিকলি, যা তার পরিপাটি মেকআপের সঙ্গে এক অনন্য মাত্রা যোগ করেছে। কখনো ক্যামেরার সামনে মিষ্টি হাসির ঝলকানি, আবার কখনো ওড়না উড়িয়ে নান্দনিক পোজ দিয়ে নিজের চিরাচরিত সৌন্দর্যের দ্যুতি ছড়িয়েছেন পূর্ণিমা। তবে এবারের ভিডিওটির বিশেষ আকর্ষণ ছিল তার স্বামী আশফাকুর রহমান। দুজনকে বেশ রোম্যান্টিক ভঙ্গিতে যুগলবন্দি পোজ দিতে দেখা গেছে, যেখানে তাদের চারপাশ জুড়ে ছিল গোলাপের পাপড়ি ছিটানোর দৃশ্য। বিশেষ করে স্বামীর কাঁধে মাথা রেখে চোখ বুজে থাকা পূর্ণিমার রোম্যান্টিক মূহুর্তটি আলাদাভাবে নজর কেড়েছে ভক্ত-অনুরাগীদের।

ভিডিওটি পোস্ট করার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসার জোয়ার বইছে। পূর্ণিমার এ চিরযৌবনা রূপ দেখে মুগ্ধ হয়ে এক নেটিজেন মন্তব্য করেছেন, নায়িকারা কখনো বুড়ো হন না, কারণ তারা মন থেকে সৌন্দর্য ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করেন। অপর একজন বিস্ময় প্রকাশ করে লিখেছেন, পূর্ণিমা কি কখনো বুড়ি হবেন না? কেউ কেউ আবার তার শৈশবের স্মৃতির সঙ্গে তুলনা করে বলেছেন, ছোটবেলায় তাকে যেমন দেখেছিলেন, সময়ের সঙ্গে যেন তার বয়স আরও কমে গেছে। এছাড়া স্বামীর সঙ্গে এমন চমৎকার রসায়ন দেখে একজন রসিকতা করে লিখেছেন, আপা, দুলাভাইকে নিয়ে এবার একটা রোম্যান্টিক সিনেমা বানিয়ে ফেলতে পারেন।

দুই দশকেরও বেশি সময় ধরে ঢালিউডে দাপটের সঙ্গে অভিনয় করে আসা পূর্ণিমা বরাবরই তার গ্ল্যামার ও অভিনয়ের জন্য প্রশংসিত। তিন প্রজন্মের দর্শকদের কাছে সমান জনপ্রিয় এ অভিনেত্রীর চিরসবুজ রূপ ও সৌন্দর্যের আবেদন সময়ের সাথে সাথে যে আরও বেড়েছে, তা এই ভিডিওর মাধ্যমে আবারও প্রমাণিত হলো।

/এমএকে/