শিরোনাম

বিয়ের ভিডিও ৮০ কোটি টাকা, প্রস্তাব ফেরালেন বিজয়-রাশমিকা

বিনোদন ডেস্ক
বিয়ের ভিডিও ৮০ কোটি টাকা, প্রস্তাব ফেরালেন বিজয়-রাশমিকা
বিজয় দেবারকোন্ডা ও রাশমিকা মান্দানা। ছবি: সংগৃহীত

কাছের বন্ধু থেকে অবশেষে স্বামী-স্ত্রী হতে যাচ্ছেন দক্ষিণী অভিনেতা বিজয় দেবারকোন্ডা ও অভিনেত্রী রাশমিকা মান্দানা। সরাসরি নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি তারা। বিজয়-রাশমিকা একে অপরকে উল্লেখ করেছেন ‘কাছের বন্ধু’ হিসেবে। গত কয়েক বছর ধরে এই দক্ষিণী তারকা জুটির বাগদানের গুঞ্জন বহুবার ছড়িয়ে পড়েছে। সর্বশেষ গত বছরের অক্টোবর মাসে ভারতীয় সংবাদমাধ্যম একটি প্রতিবেদনে তাদের গোপন বাগদানের খবর প্রকাশ করে।

চলতি বছরের শুরুতে একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, ফেব্রুয়ারিতেই তারা বিয়ের পিঁড়িতে বসবেন। এরই মধ্যে বিয়ে সংক্রান্ত নতুন তথ্যও সামনে এসেছে। বিয়ের ভিডিওর সম্প্রচার স্বত্ব কিনতে চেয়েছিল ওটিটি জায়ান্ট নেটফ্লিক্স। তবে বিজয়-রাশমিকা সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, বিজয় দেবারকোন্ডা ও রাশমিকা মান্দানা চলতি মাসের ২৬ তারিখ বিয়ে করছেন। বিয়ের একচ্ছত্র স্ট্রিমিং-স্বত্ব পেতে নেটফ্লিক্স বাংলাদেশি মুদ্রায় ৮০ কোটি টাকার প্রস্তাব দিয়েছিল। এই চুক্তি হলে বিলাসবহুল গন্তব্যে আয়োজন হওয়া বিয়ের বিশেষ অনুষ্ঠান প্ল্যাটফর্মে সরাসরি দেখার সুযোগ পেতেন ভক্তরা। তবে বিপুল অর্থের প্রস্তাব সত্ত্বেও বিজয় ও রাশমিকা সেটি নাকচ করেছেন।

টলিউডভিত্তিক সংবাদমাধ্যম টুপাকি জানায়, এটি সাম্প্রতিক সময়ে বিয়ে সংক্রান্ত ওটিটি প্রস্তাবগুলোর মধ্যে অন্যতম বড় প্রস্তাব ছিল। নয়নতারা ও ভিগনেশ শিবনের বিয়ের সময় যে ধরনের আইনি ও বাণিজ্যিক জটিলতা তৈরি হয়েছিল, তা মাথায় রেখেই এই জুটি সতর্ক। বিজয় বিয়ের অনুষ্ঠানটিকে বাণিজ্যিক রূপ না দিয়ে ব্যক্তিগত ও ঘনিষ্ঠ পরিসরে রাখতে চান।

ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, উদয়পুরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করার পর হায়দরাবাদে ইন্ডাস্ট্রির বন্ধুদের জন্য আলাদা সংবর্ধনার আয়োজন করতে পারেন রাশমিকা মান্দানা ও বিজয় দেবারকোন্ডা। তবে এ বিষয়ে এখনও কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে মন্তব্য করেনি।

রাশমিকা ও বিজয় একসঙ্গে কাজ করেছেন ‘গীতা গোবিন্দম’ এবং ‘ডিয়ার কমরেড’ সিনেমায়। এই দুই ছবির পর থেকেই তাদের ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা শুরু হয়। বিশেষ করে দুই তারকার ভ্রমণের ছবিতে সমন্বিত পটভূমি দেখে ভক্তরা সম্পর্কের ইঙ্গিত খুঁজে পান। কয়েক বছর ধরে তাদের প্রেম ও বিয়ে নিয়ে নিয়মিত গুঞ্জন শোনা যাচ্ছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ের বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে রাশমিকা জানিয়েছেন, চার বছর ধরে এই গুঞ্জন চলছে। তবে সঠিক সময়ে তিনি নিজেই বিষয়টি ঘোষণা করবেন বলেও ইঙ্গিত দিয়েছেন। তার এই মন্তব্যের পর থেকেই ভক্তরা মনে করছেন, বড় কোনো ঘোষণা খুব শিগগিরই আসতে পারে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/জেএইচ/