মেসির বিদায়ে তারকাদের আবেগঘন পোস্ট

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
মেসির বিদায়ে তারকাদের আবেগঘন পোস্ট
বাম থেকে পূর্ণিমা, লিওনেল মেসি ও পরীমণি। কোলাজ: সিজেডএন টোয়েন্টিফোর

আন্তর্জাতিক ফুটবলে শেষবারের মতো নীল-সাদা জার্সিতে দেখা গেলো লিওনেল মেসিকে। এরপর আর ওই জার্সিতে দেখা যাবে না বিশ্বকাপজয়ী এই তারকাকে। কারণ, আন্তর্জাতিক ম্যাচ থেকে অবসর নিয়েছেন ৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। বেনিনের বিপক্ষে জাতীয় দলের হয়ে শেষ ম্যাচটি খেলেছেন তিনি। গ্যালারিজুড়ে আবেগ, মাঠে বিদায়ের মুহূর্ত, আর তার মধ্যেই চেনা জাদুতে ম্যাচটি স্মরণীয় করে রাখলেন তিনি। বেনিনের বিপক্ষে ৩-০ গোলের ম্যাচে মেসির অ্যাসিস্ট ২টি, আর গোল করেছেন ১টি।

মহাতারকার এই বিদায়ে বিশ্বব্যাপী আবেগ ছড়িয়ে পড়েছে। এর ঢেউ লেগেছে বাংলাদেশের শোবিজ অঙ্গনেও। ঢাকাই সিনেমার চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা মেসিকে নিয়ে লিখেছেন, ‘জীবনের সব দুঃখ এক পাশে, আর অন্য পাশে মেসিকে হয়তো শেষবারের মতো আর্জেন্টিনার জার্সি গায়ে দেখতে পাওয়ার বেদনা!’

চিত্রনায়িকা পরীমনি দীর্ঘ এক আবেগঘন বার্তায় মেসির বিদায়কে শুধু একটি ম্যাচ নয়, বরং একটি যুগের সমাপ্তি বলে বর্ণনা করেছেন। তিনি লেখেন, ‘আজকের এই ম্যাচ শুধু একটা ম্যাচ নয়, আজ একটা যুগের শেষ অধ্যায়। যে জার্সিটাকে মেসি নিজের স্বপ্ন, গর্ব আর জীবনের অংশ বানিয়েছিলেন, আজ সেই আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন আমাদের প্রিয় ১০ নম্বর। কত রাত জেগে তার খেলা দেখেছি, কত গোলের পর চিৎকার করেছি, কত হারের পর কেঁদেছি সবকিছু আজ চোখের সামনে ভেসে উঠছে।’

তিনি আরও লেখেন, ‘২০২২-এর সেই বিশ্বকাপ ট্রফি হাতে মেসিকে দেখার আনন্দটা হয়তো কোনোদিন ভুলতে পারব না। আজ স্কোরলাইন যাই হোক, জয়-পরাজয় এখানে আর গুরুত্বপূর্ণ নয়। আজ শুধু চাই, শেষবারের মতো নীল-সাদা জার্সিতে তাকে মন ভরে দেখতে। বিদায় নয়, লিও তুমি তো ফুটবলের ইতিহাসে থেকে যাবে। আর্জেন্টিনার জার্সি বদলাবে, প্রজন্ম বদলাবে, কিন্তু ১০ নম্বরের গল্পটা কখনো শেষ হবে না। ভালোবাসা প্রিয়।’

ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ লেখেন, ‘আমাদের সোনালী যুগের জাদুকর, তোমার যাত্রা শেষ হলেও আমাদের স্মৃতিতে তুমি থাকবে আজীবন! শেষবারের মতো আরও একবার লিওনেল মেসি।’

/জেএইচ/