শিরোনাম

বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান মেহজাবীন-তটিনীদের

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান মেহজাবীন-তটিনীদের
মেহজাবীন চৌধুরী ও তানজিম সাইয়ারা তটিনী

টানা ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেশের বিভিন্ন অঞ্চলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত হয়ে পড়েছে লাখো মানুষ। পার্বত্য চট্টগ্রামসহ একাধিক জেলার দুর্ভোগের খবর ছড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন শোবিজ অঙ্গনের তারকারাও। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা বন্যাকবলিত মানুষের প্রতি সহমর্মিতা জানিয়ে সবার সামর্থ্য অনুযায়ী সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

অভিনেত্রী মেহজাবীন চৌধুরী নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত সকল মানুষের জন্য আন্তরিক দোয়া রইল। এই কঠিন সময়ে যারা নিজেদের প্রিয়জন, ঘরবাড়ি বা জীবিকার ক্ষতির মুখোমুখি হয়েছেন, আল্লাহ যেন তাদের ধৈর্য ও শক্তি দান করেন। যারা উদ্ধার ও ত্রাণকাজে নিরলস পরিশ্রম করছেন, তাদের প্রতিও গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। আসুন, আমরা সবাই যার যার সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াই। আশা করি খুব শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে এবং সবাই নিরাপদে স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। আল্লাহ বাংলাদেশকে হেফাজত করুন।’

চট্টগ্রামের সন্তান অভিনেতা ইরফান সাজ্জাদও বন্যা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আমার চট্টগ্রাম ভালো নাই! বাঁশখালি, সাতকানিয়া, চকরিয়া, লোহাগাড়া, কক্সবাজার, বান্দরবন ভালো নাই! অথচ মেজর কোনো নিউজ নাই! কোন আওয়াজ নাই! মানুষগুলো নীরবে মরে যাচ্ছে, কষ্ট পাচ্ছে, কবর থেকে লাশ ভেসে যাচ্ছে। কুমিল্লা-নোয়াখালী-ফেনীর বন্যার সময় এই চট্টগ্রামের মানুষজন যার যা কিছু ছিল, তা নিয়ে উদ্ধার করতে গিয়েছিল। আজ এই বন্যাপীড়িত মানুষগুলোকে উদ্ধারে মানুষের তেমন কোনো সাড়াশব্দ নেই। আল্লাহ আপনি রহম করুন।’

নাট্যাভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীও বন্যাকবলিত মানুষের দুর্ভোগে শোকাহত। তিনি লিখেছেন, ‘চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, সিলেট, হবিগঞ্জসহ দেশের সাতটির বেশি জেলা এখন পানির নিচে। হাজারো ঘরবাড়ি তলিয়ে গেছে। মানুষ ছাদে ও আশ্রয়কেন্দ্রে না খেয়ে দিন কাটাচ্ছে। আমরা যারা ভালো আছি, তাদের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো। এক প্যাকেট শুকনো খাবার কিংবা এক বোতল পানিও অনেক বড় সহায়তা হতে পারে। নিরাপদ আশ্রয়ে থাকুন এবং যতটুকু সম্ভব অন্যকে সাহায্য করুন। আল্লাহ বন্যাদুর্গত সবাইকে হেফাজত করুন। আমিন।’

উল্লেখ্য, ২০২৪ সালের ভয়াবহ বন্যার সময় দেশের শোবিজ ও সংস্কৃতি অঙ্গনের শিল্পীরা সম্মিলিতভাবে ত্রাণ কার্যক্রমে অংশ নিয়েছিলেন। তবে এবারের বন্যা পরিস্থিতিতে এখন পর্যন্ত তেমন কোনো সমন্বিত উদ্যোগের ঘোষণা পাওয়া যায়নি।

/এমআর/