শিরোনাম

দুই দিনেই আলিয়া ভাটের নতুন সিনেমার আয় ৩৮ কোটি রুপি

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
দুই দিনেই আলিয়া ভাটের নতুন সিনেমার আয় ৩৮ কোটি রুপি
আলফা সিনেমার পোস্টার। ছবি : দ্যা টাইমস অব ইন্ডিয়া

সমালোচকদের নেতিবাচক রিভিউর পরও আলিয়া ভাটের নতুন সিনেমা ‘আলফা’ বক্স অফিসে অনেক ভালো করছে। শুক্রবার মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের নেতিবাচক মন্তব্য ও বিতর্ক তৈরি হলেও দর্শকদের একটি বড় অংশ এটি দেখতে আগ্রহ দেখিয়েছেন। ফলে আয়ের হিসাবে ইতোমধ্যেই শক্ত অবস্থান তৈরি করেছে এই সিনেমা।

বক্স অফিস বিশ্লেষক প্রতিষ্ঠান স্যাকনিল্কের প্রকাশিত তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দুই দিনে বিশ্বব্যাপী ‘আলফা’র মোট আয় পৌঁছেছে ৩৭ কোটি ৯০ লাখ রুপিতে। অর্থাৎ, ৪০ কোটির মাইলফলক স্পর্শ করতে ছবিটির আর খুব বেশি সময় লাগবে না বলে মনে করা হচ্ছে।

ভারতে দ্বিতীয় দিনে সিনেমাটি ৬ হাজার ৮৮২টি প্রদর্শনী থেকে ১১ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে। প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনের আয় কিছুটা বেড়েছে। দুই দিনে মোট আয় বেড়ে হয়েছে ২৪ কোটি ৯০ লাখ রুপি।

শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও স্থিতিশীল পারফরম্যান্স ধরে রেখেছে এই সিনেমা। বিদেশের বিভিন্ন জায়গা থেকে দ্বিতীয় দিনে এসেছে ৭ কোটি রুপি। ফলে দুই দিনে আন্তর্জাতিক আয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১৩ কোটি রুপিতে।

এর সঙ্গে শুক্রবার এবং শনিবারে মোট আয় পৌঁছেছে ৩৭ কোটি ৯০ লাখ রুপিতে। রবিবার ৪০ কোটির মাইলফলকে পৌঁছে যাবে বলে ধারণা করা হচ্ছে।

শিব রাওয়াইল পরিচালিত এই সিনেমায় আলিয়া ভাটের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শর্বরী বাগ, অনিল কাপুর, ববি দেওল ও দিয়া মির্জা। প্রযোজনা প্রতিষ্ঠান ‘যশরাজ স্পাই ইউনিভার্স’-এর সপ্তম চলচ্চিত্র এটি।

অনেক রিভিউতে সিনেমার গল্পের বিন্যাস, দুর্বলতা এবং অতিরিক্ত টুইস্টের ব্যবহার নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। তাদের মতে, একাধিক নাটকীয় মোড় থাকলেও সেগুলোর অনেকই দর্শকের কাছে স্বাভাবিক বা বিশ্বাসযোগ্য মনে হয় না, যার প্রভাব পড়েছে গল্পের গতিতে।

অন্যদিকে, আলিয়া ভাট ও শর্বরী বাগের অভিনয় এবং ছবির অ্যাকশন সিকোয়েন্স প্রশংসা কুড়িয়েছে। তবে কিছু দর্শকের মতে, ‘হার্ট অব স্টোন’ ও ‘জিগরা’র পর আবারও অ্যাকশনধর্মী চরিত্রে দেখা যাওয়ায় আলিয়ার পর্দা উপস্থিতিতে নতুনত্বের ঘাটতি অনুভূত হয়েছে।

সিনেমার গল্পে অতিমানবীয় ক্ষমতার অধিকারী সীতা, ‘র’-এর প্রধান বিক্রান্ত কৌল এবং দুর্গাকে ঘিরে মূল সংঘাত তৈরি হয়। তবে শুরুতেই প্রধান চরিত্রকে বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হিসেবে দেখানোর সিদ্ধান্ত দর্শকের একটি অংশ সহজভাবে নিতে পারেননি বলে সমালোচনার ঝড় শুরু হয়েছে।

এদিকে সিনেমার সমালোচনার বিপরীতে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন নির্মাতা-প্রযোজক করণ জোহর। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, বর্তমান সময়ে হলে দর্শক টানাই সবচেয়ে বড় সাফল্য।

তার মতে, অনলাইন ট্রলিং বা নেতিবাচক প্রচারণার চেয়ে প্রেক্ষাগৃহে দর্শকের উপস্থিতিই একটি চলচ্চিত্রের প্রকৃত গ্রহণযোগ্যতার প্রমাণ। পাশাপাশি তিনি আলিয়া ভাটের অভিনয় দক্ষতা ও দর্শক আকর্ষণের সক্ষমতারও প্রশংসা করেন।

আলিয়া ভাটের সর্বশেষ বড় বাণিজ্যিক সাফল্য ছিল ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘রকি অউর রানি কি প্রেম কাহানী’, যা বিশ্বব্যাপী প্রায় ৩৫৭ কোটি রুপি আয় করেছিল।

অন্যদিকে শর্বরী বাগের ক্যারিয়ারেও ‘আলফা’ গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। এটি তার ষষ্ঠ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র এবং বক্স অফিসে আরও একটি সফল ছবির তালিকায় যুক্ত হওয়ার সম্ভাবনা তৈরি করেছে।

সব মিলিয়ে মতভেদ স্পষ্ট হলেও বক্স অফিসের প্রাথমিক ফলাফল বলছে, বিতর্কের মধ্যেও দর্শকের আগ্রহ ধরে রাখতে সক্ষম হয়েছে ‘আলফা’। আগামী কয়েক দিনের আয়ই নির্ধারণ করবে, এই ইতিবাচক সূচনা দীর্ঘমেয়াদে কতটা বড় সাফল্যে রূপ নেয়।

/বিবি/