শিরোনাম

শিল্পীরা নির্দিষ্ট কোনো দলের নন, তারা সবার: হাসান

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শিল্পীরা নির্দিষ্ট কোনো দলের নন, তারা সবার: হাসান
সংগীতশিল্পী হাসান। ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজিত কনসার্টে গান পরিবেশনের সময় মাথায় বোতল ছোঁড়ার ঘটনায় ক্ষোভ প্রকাশের বদলে উদারতার পরিচয় দিলেন জনপ্রিয় ব্যান্ড তারকা হাসান। পুরো বিষয়টিকে ‘ক্ষমাসুন্দর দৃষ্টিতে’ দেখার আহ্বান জানিয়ে সংগীতাঙ্গনের এই কিংবদন্তি বলেছেন, কোনো শিল্পীকেই যেন দলীয় বা রাজনৈতিক পরিচয়ে বিচার করা না হয়।

শুক্রবার দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে কনসার্টের অপ্রীতিকর সেই ঘটনা নিয়ে মুখ খোলেন আর্ক ব্যান্ডের এই মূল গায়ক। দীর্ঘ সংগীত ক্যারিয়ারে এমন অভিজ্ঞতার মুখে কখনো পড়তে হয়নি জানিয়ে তিনি লেখেন, ঘটনাটি তার জন্য অত্যন্ত অপ্রত্যাশিত হলেও তিনি আক্রমণকারীর প্রতি কোনো বিদ্বেষ পুষে রাখতে চান না।

স্ট্যাটাসে হাসান লেখেন, “বহু বছর ধরে বাংলা ব্যান্ড সংগীত করছি। এই সময়ে বিচিত্র অনেক অভিজ্ঞতা হয়েছে। কিন্তু মঞ্চে একজন শিল্পীর দিকে বোতল ছুড়ে মারা হতে পারে, এমনটা কখনো দেখিনি বা ভাবিনি। তারপরও আমি বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতেই দেখতে চাই। আমি বিশ্বাস করতে চাই, যে এমনটি করেছে, সে হয়তো না বুঝেই করেছে।”

উল্লেখ্য, 'বর্ষা বিপ্লবের গান' শিরোনামের ওই মুক্ত কনসার্টে হাসান যখন গান গাইছিলেন, ঠিক তখনই দর্শকসারি থেকে ছোঁড়া একটি বোতল এসে সরাসরি তার মাথায় আঘাত করে। মুহূর্তেই নিজেকে সামলে নিয়ে তিনি গান চালিয়ে গেলেও ঘটনাটির ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে তীব্র সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। মুক্ত কনসার্টের ব্যবস্থাপনা ও নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন নেটিজেনরা।

সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে হাসান দেশের সকল শিল্পীর নিরাপত্তা ও সম্মান সুনিশ্চিত করার আকুল আবেদন জানান। ভবিষ্যতে যেন কোনো শিল্পীকে এ ধরনের লাঞ্ছনা বা অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে না হয়, সে বিষয়ে শ্রোতা ও সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

হাসান লেখেন, “আমাদের দেশে অনেক সময় শিল্পীদের রাজনৈতিকভাবে বিবেচনা করা হয়, এটা ঠিক নয়। একজন শিল্পী ৫ বা ১০ বছরের জন্য শিল্পী নন, তিনি আজীবনের জন্যই শিল্পী। বিভিন্ন সময়ে সরকারি, বেসরকারি কিংবা রাজনৈতিক নানা আয়োজনে শিল্পীদের গান গাইতে হয়। তাই বলে তাকে কোনো রাজনৈতিক পরিচয়ে ফেলে বিচার করা উচিত নয়।”

তিনি আরও যোগ করেন, শিল্পীরা শুধুই মানুষের ভালোবাসার আশায় গান শোনান, তাই তাদের উপযুক্ত সম্মান দেওয়া ও তাদের নিরাপত্তা নিশ্চিত করা দেশবাসীরই নাগরিক দায়িত্ব।

হাসানের এই উদার মনোভাবের প্রশংসা করার পাশাপাশি সাধারণ ভক্ত ও সহশিল্পীরা ঘটনাটির তীব্র নিন্দা জানাচ্ছেন। তরুণ গায়ক তাসরিফ খান আক্ষেপ প্রকাশ করে মন্তব্যের ঘরে লেখেন, “আমরা এরকমই অশিক্ষিত এবং গন্ড মূর্খ। আমরা গুণীর কদর করতে জানি না ভাইয়া। ক্ষমা করবেন!” এছাড়া আরও অগণিত ভক্ত প্রিয় শিল্পীর কাছে ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছেন।

এদিকে সংগীতাঙ্গন ও বিনোদন জগতের বিশিষ্ট ব্যক্তিরা ঘটনার পেছনের অপরাধীদের দ্রুত শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন। প্রিন্স মাহমুদ, মীর মাসুম, মিশা সওদাগর, রবি চৌধুরী, লুৎফর হাসান ও তানভীর তারেকের মতো তারকারা সোশ্যাল মিডিয়ায় কড়া প্রতিবাদ জানিয়ে আয়োজকদের নিরাপত্তা ব্যবস্থাকে কাঠগড়ায় তুলেছেন।

/এবি/