শিরোনাম

প্রথমবার অভিনয়ে জামাল ভূঁইয়া

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
প্রথমবার অভিনয়ে জামাল ভূঁইয়া
ব্রাজেন্টিনা নাটকে অভিনয় করেছেন জামাল ভূঁইয়া (মাঝে)

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার মধ্যে বিশেষ আয়োজন নিয়ে এসেছে চ্যানেল আই। সম্প্রচার শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘ব্রাজেন্টিনা ক্লাব’ এর। জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াকে দেখা গেছে অভিনয়ে।

এর আগে বিভিন্ন বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন জামাল ভূঁইয়া, তবে কোনো নাটক বা ফিকশনধর্মী প্রযোজনায় এটি তার প্রথম অভিনয়। জামাল জানিয়েছেন, বিজ্ঞাপনচিত্রে কাজের অভিজ্ঞতা থাকলেও নাটকে অভিনয় তার জন্য একেবারেই নতুন এবং চ্যালেঞ্জিং অভিজ্ঞতা।

নাটকে জামাল ভূঁইয়ার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তাসনুভা তিশা। নাটকটির গল্প, কাহিনি ও পরিচালনায় রয়েছেন তারিক মুহাম্মদ হাসান।

‘ব্রাজেন্টিনা ক্লাব’ এর কাহিনি আবর্তিত হয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দলের সমর্থকদের আবেগ, মান-অভিমান, ঝগড়া, হাস্যরস ও নানা নাটকীয় ঘটনাকে ঘিরে। এতে আরও অভিনয় করেছেন ইশতিয়াক আহমেদ রুমেল, শহিদ উন নবী, আনোয়ার, জাবেদ গাজী, অপু, আশিক, তানভীরসহ আরও অনেকে।

ধারাবাহিক নাটক ‘ব্রাজেন্টিনা ক্লাব’ প্রতি শনি ও রবিবার রাত ১০টা ১০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হচ্ছে।

/টিই/