শিরোনাম

শাহরুখকে সেটে ‘চড়’ মারা সেই নায়িকা এখন কোথায়?

বিনোদন ডেস্ক
শাহরুখকে সেটে ‘চড়’ মারা সেই নায়িকা এখন কোথায়?
শাহরুখ খান ও প্রিয়া গিল।

বলিউড বাদশা শাহরুখ খান, দক্ষিণের জনপ্রিয় তারকা নাগার্জুন ও অজিত কুমারের বিপরীতে অভিনয় করে আশির দশকে আলোচনায় এসেছিলেন অভিনেত্রী প্রিয়া গিল। বিশেষ করে ‘জোশ’ চলচ্চিত্রে শাহরুখ খানকে চড় মারার একটি দৃশ্যে অভিনয় করে সেই সময় বেশ সাড়া ফেলেছিলেন তিনি।

তবে ক্যারিয়ারে সাফল্য পেলেও একপর্যায়ে রুপালি পর্দা থেকে হঠাৎ করেই নাই হয়ে যান এই নায়িকা। দীর্ঘদিন ধরে লাইমলাইটের আড়ালে থাকা এই অভিনেত্রী বর্তমানে কোথায় আছেন, কী করছেন তা নিয়ে ভক্তদের মনে কৌতুহলের শেষ নেই।

চলচ্চিত্র অঙ্গন থেকে প্রিয়া গিলের এভাবে হারিয়ে যাওয়ায় তার ব্যক্তিগত জীবনের নানা টানাপোড়েনকে দায়ী করা হয়। ১৯৯৫ সালে একটি সুন্দরী প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর অমিতাভ বচ্চনের প্রযোজনা প্রতিষ্ঠানের মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন পাঞ্জাবের এই মেয়ে। এরপর ১৯৯৯ সালে ‘সির্ফ তুম’ চলচ্চিত্রের মাধ্যমে তিনি পরিচিতি পান। পরবর্তীতে ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত মনসুর খানের ‘জোশ’ চলচ্চিত্রে রানি মুখার্জির স্থলাভিষিক্ত হয়ে শাহরুখ খানের বিপরীতে অভিনয়ের সুযোগ পান প্রিয়া।

এই সিনেমারই একটি দৃশ্যে শাহরুখ খানকে চড় মারতে গিয়ে বেশ অস্বস্তিতে পড়েছিলেন তিনি। কোনোভাবেই চড়টা মেরে উঠতে পারছিলেন না প্রিয়া। শেষ পর্যন্ত পরিচালক নিজে শাহরুখের গালে চড় বসিয়ে দৃশ্যটি বুঝিয়ে দেন। তবে ওই মুহূর্তটির উত্তেজনায় পরিচালক ক্যামেরা বন্ধ করার নির্দেশ বা ‘কাট’ বলতেও ভুলে গিয়েছিলেন।

তবে দৃশ্যটি নিখুঁতভাবে শেষ হলেও এরপর আর বলিউডে তার ক্যারিয়ার দীর্ঘ হয়নি। ২০০৬ সালের পর থেকে তিনি নিজেকে পুরোপুরি অভিনয় জগত থেকে গুটিয়ে নেন।

ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, প্রিয়া বিয়ে করে বর্তমানে ডেনমার্কে স্থায়ীভাবে বসবাস করছেন, যদিও এর কোনো নির্ভরযোগ্য প্রমাণ মেলেনি। সবশেষ ২০১৬ সালে প্যারিসে এক ভক্তের ক্যামেরায় বন্দি হয়েছিলেন তিনি, যা এখন পর্যন্ত ইন্টারনেট দুনিয়ায় তার সবশেষ ছবি হিসেবে পরিচিত।

/এসআর/