শিরোনাম

আজ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আজ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
রাজধানীর একটি শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষার্থী ও অভিভাবক। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে আজ (বুধবার) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বার্ষিক ছুটির তালিকায় দিবসটি উপলক্ষে এক দিনের ছুটি রাখা হয়েছে। তবে দিবসটি উপলক্ষে সরকারি কোনো ছুটি নেই, এটি ঐচ্ছিক ছুটির আওতাভুক্ত।

এই ছুটির আওতায় থাকবে দেশের সব সরকারি ও বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত সব কলেজ বন্ধ থাকবে।

এছাড়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও পৃথক নোটিশ দিয়ে এদিন ছুটি ঘোষণা করেছে। একই সঙ্গে রাজধানীসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানও বুধবার ছুটির বিজ্ঞপ্তি দিয়েছে।

প্রসঙ্গত, ‘আখেরি চাহার সোম্বা’ শব্দটি আরবি ও ফারসি শব্দের সমন্বয়ে গঠিত। ‘আখেরি’ অর্থ শেষ, ‘চাহার’ অর্থ চার এবং ‘সোম্বা’ অর্থ বুধবার। অর্থাৎ, সফর মাসের শেষ বুধবারকে আখেরি চাহার সোম্বা বলা হয়।

দেশের বিভিন্ন স্থানে ইসলাম ধর্মাবলম্বীরা এই দিনটিতে দোয়া, মিলাদ মহফিল, ওয়াজ-নসিহত, জিকির-আজকার ও মোনাজাতের আয়োজন করে।

/জেএইচ/