শিরোনাম

দেশের সব বেসরকারি মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
দেশের সব বেসরকারি মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল
প্রতীকী ছবি

দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার বিদ্যমান অ্যাডহক কমিটি বাতিল করা হয়েছে। একই সঙ্গে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে নতুন অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ।

রবিবার (২ আগস্ট) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর এস এম তৌহিদুজ্জামানের স্বাক্ষর করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড (দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদ্রাসার ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি) প্রবিধানমালা-২০২৫-এর প্রবিধি ৬৪ অনুযায়ী যেসব মাদ্রাসার অ্যাডহক কমিটির মেয়াদ শেষ হয়েছে, সেসব মাদ্রাসাসহ দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল করা হলো।

একইসঙ্গে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে শিক্ষা বোর্ডের অনুমতি নিয়ে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে নতুন অ্যাডহক কমিটি গঠন করে বিষয়টি বিভাগকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সম্প্রতি জারি করা এসআরও নং-৮৯-আইন/২০২৬ অনুযায়ী প্রবিধানমালা-২০২৫ সংশোধন করা হয়েছে। সংশোধিত বিধান অনুযায়ী, সভাপতি মনোনয়নের ক্ষেত্রে মাদ্রাসাপ্রধান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষানুরাগী ব্যক্তি, খ্যাতিমান সমাজসেবক, জনপ্রতিনিধি অথবা কর্মরত বা অবসরপ্রাপ্ত নবম গ্রেড বা তদূর্ধ্ব পদমর্যাদার সরকারি কর্মকর্তাদের মধ্য থেকে তিনজনের একটি প্যানেল শিক্ষা বোর্ডে পাঠাবেন। আর সিটি কর্পোরেশন এলাকায় অবস্থিত মাদ্রাসার ক্ষেত্রে এ প্রস্তাব বিভাগীয় কমিশনারের মাধ্যমে শিক্ষা বোর্ডে পাঠাতে হবে।

বোর্ড জানিয়েছে, এসংক্রান্ত জরুরি নির্দেশনা দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার অধ্যক্ষ, সুপার, পরিচালনা কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, গত ২৪ জুন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড নতুন ‘দাখিল ও আলিম স্তরের বেসরকারি মাদ্রাসার ম্যানেজিং কমিটি ও গভর্নিং বডি প্রবিধানমালা-২০২৫’ জারি করে। ওই প্রবিধানমালায় অ্যাডহক কমিটি গঠন, সভাপতি মনোনয়ন এবং পরিচালনা কাঠামোয় বেশ কয়েকটি পরিবর্তন আনা হয়।

পরবর্তীতে গত ৩০ জুলাই শিক্ষা মন্ত্রণালয় প্রবিধানমালার ৬৪ নম্বর প্রবিধানের একটি উপধারা সংশোধন করে নতুন এসআরও জারি করে। সর্বশেষ সেই সংশোধিত বিধিমালার আলোকেই দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদ্রাসার বিদ্যমান অ্যাডহক কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

/এফআর/