শিরোনাম

লাঠিপেটা করে সংসদ ভবন এলাকা থেকে শিক্ষার্থীদের সরালো পুলিশ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
লাঠিপেটা করে সংসদ ভবন এলাকা থেকে শিক্ষার্থীদের সরালো পুলিশ
আন্দোলনরত শিক্ষার্থীদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করছে পুলিশ

দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে পরীক্ষা চালিয়ে যাওয়া এবং ত্রুটিপূর্ণ প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে অবস্থান নিয়েছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। তবে আন্দোলনরত শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনে প্রবেশের চেষ্টা করলে লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে পুলিশ ও ছাত্রদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এরপর ছাত্রদের ওপর লাঠিচার্জ করে পুলিশ। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।

এর আগে তিন দফা দাবিতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও সমাবেশ করেন শিক্ষার্থীরা। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে- শিক্ষামন্ত্রীর পদত্যাগ, বৈরী আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিত এবং প্রশ্নপত্রে ভুলের কারণ খুঁজে বের করা।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের জন্য তারা সন্ধ্যা ৬টা পর্যন্ত সময় বেঁধে দেন। বিকাল পৌনে ৬টার দিকে শিক্ষার্থীরা পুলিশের ব্যারিকেড ভেঙে সংসদ ভবনের সামনে চলে যান। জাতীয় সংসদে অধিবেশন চলার সময় তারা সেখানে অবস্থান নিয়ে ‘ভুয়া’, ‘ভুয়া’ স্লোগান দেন।

এ সময় পুলিশ আন্দোলনকারী শিক্ষার্থীদের বুঝিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে সন্ধ্যা পৌনে সাতটার দিকে শিক্ষার্থীরা জাতীয় সংসদ ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ তাদের ওপর লাঠিপেটা করে। এতে শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান।

এ সময় কয়েকজন শিক্ষার্থী পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরে পুলিশ তাদের লাঠিপেটা করে সংসদ ভবনের প্রধান ফটক থেকে আসাদ গেট পর্যন্ত নিয়ে যায়।

/জেএইচ/