শিরোনাম

মাউশির নাম ব্যবহার করে প্রতারণা, সতর্কবার্তা জারি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মাউশির নাম ব্যবহার করে প্রতারণা, সতর্কবার্তা জারি
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ছবি: সিজেডএন গ্রাফিক্স

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (ডিএসএইচই) নাম ও লোগো ব্যবহার করে বিভিন্ন ধরনের প্রতারণার অভিযোগ পাওয়া গেছে। এমতাবস্থায় সতর্কবার্তা জারি করেছে প্রতিষ্ঠানটি। মাউশির উপ-পরিচালক শামিম আল মামুনের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সতর্কতা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি প্রতারক চক্র মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং এর আওতাধীন বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে চাকরি, পদোন্নতি, বদলি, নিয়োগ, প্রশিক্ষণসহ বিভিন্ন সেবার প্রলোভন দেখিয়ে অর্থ দাবি করছে। এছাড়া মোবাইল ফোন, সামাজিক যোগাযোগমাধ্যম ও ভুয়া পরিচয় ব্যবহার করেও প্রতারণার চেষ্টা করা হচ্ছে।

মাউশি জানিয়েছে, অধিদপ্তর বা এর আওতাধীন কোনো প্রতিষ্ঠান এ ধরনের সেবা প্রদানের জন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ গ্রহণ করে না। তাই কেউ এ ধরনের প্রস্তাব দিলে বা অর্থ দাবি করলে তা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

একইসঙ্গে এ ধরনের প্রতারণার শিকার হলে বা প্রতারণার চেষ্টা সম্পর্কে অবগত হলে দ্রুত নিকটস্থ থানায় অভিযোগ করার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানাতে অনুরোধ করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

প্রতারকদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।

/জেএইচ/