শিরোনাম

প্রাথমিকে বৃত্তি পেলো ৭৯ হাজার শিক্ষার্থী, মেয়েরা এগিয়ে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রাথমিকে বৃত্তি পেলো ৭৯ হাজার শিক্ষার্থী, মেয়েরা এগিয়ে
সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনসহ অন্যরা

প্রাথমিকে এ বছর ‎‎বৃত্তি পেয়েছে ৭৯ হাজার ২৪৬ শিক্ষার্থী। এর মধ্যে মেধাবৃত্তি পেয়েছে ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছে ৪৬ হাজার ২৮১ জন শিক্ষার্থী। ‎বৃত্তিপ্রাপ্ত মোট শিক্ষার্থীর মধ্যে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে।

রবিবার (১২ জুলাই) দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বৃত্তি পরীক্ষার এই ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহ্দী আমিনসহ শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী বলেন, প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এ মোট ৭৯ হাজার ২৪৬টি ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তি দেওয়া হয়েছে। ট্যালেন্টপুলে মোট ৩২ হাজার ৯৬৫ জনের মধ্যে সরকারি বিদ্যালয় থেকে ২৬ হাজার ৩৭৫ জন এবং বেসরকারি বিদ্যালয় থেকে ৬ হাজার ৫৯০ জন বৃত্তি পায়। আর সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৪৬ হাজার ২৮১ জন। এর মধ্যে সরকারি বিদ্যালয় থেকে ৩৬ হাজার ৪২০ জন এবং বেসরকারি বিদ্যালয় থেকে ৯ হাজার ৮৬১ জন।

তিনি বলেন, বৃত্তিপ্রাপ্ত মোট শিক্ষার্থীর মধ্যে ছাত্র ৩৫ হাজার ৮৯২ জন (৪৫ দশমিক ২৯ শতাংশ) এবং ছাত্রী ৪৩ হাজার ৩৫৪ জন (৫৪ দশমিক ৭১ শতাংশ)। ছাত্রদের মধ্যে মেধাবৃত্তি পেয়েছেন ১৬ হাজার ৩৯৮ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছেন ১৯ হাজার ৪৯৪ জন। আর ছাত্রীদের মধ্যে ট্যালেন্টপুলে ১৬ হাজার ৫৬৭ জন এবং সাধারণ বৃত্তি পেয়েছেন ২৬ হাজার ৭৮৭ জন।

এবছর সবচেয়ে বেশি বৃত্তি পেয়েছে ঢাকা জেলার শিক্ষার্থীরা, ৪ হাজার ৬৮২ জন। সবচেয়ে কম বৃত্তি বান্দরবান জেলায়, ১৮৮ জন। দিনাজপুর জেলায় সবচেয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন, এ জেলায় ১৫ হাজার ৩৬৬ পরীক্ষায় অংশ নিলেও অকৃতকার্য হয়েছেন ৮ হাজার ৮৯৮ জন।

/এফসি/