নিত্যপণ্যের চড়া বাজারে বাড়তি চাপ টয়লেট্রিজে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
নিত্যপণ্যের চড়া বাজারে বাড়তি চাপ টয়লেট্রিজে
ছবি: এআই

দেশে নিত্যপণ্যের বাড়তি দামের মধ্যে গত কয়েক মাসে কয়েক দফা বেড়েছে সাবান, শ্যাম্পু, ডিটারজেন্ট, টুথপেস্ট ও হ্যান্ডওয়াশসহ বিভিন্ন টয়লেট্রিজ পণ্যের দাম। এমন পরিস্থিতিতে জীবন যাত্রার ব্যয় মেটাতে হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের।

বাজার বিশ্লেষণে দেখা গেছে, এসব পণ্যের দাম গড়ে সর্বোচ্চ প্রায় ১৯ শতাংশ পর্যন্ত বেড়েছে। এর মধ্যে ইউনিলিভারের লাইফবয় ও লাক্স সাবানের দাম বেড়েছে সবচেয়ে বেশি।

বাজার ঘুরে দেখা গেছে, বিগত ছয় থেকে সাত মাস আগে যেসব সাবান ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হতো, বর্তমানে সেগুলোর দাম ৮০ থেকে ৮৫ টাকা, কোথাও ৯০ থেকে ৯৫ টাকা।

বিক্রেতারা বলছেন, সাবান ও ডিটারজেন্টের দামই তুলনামূলক বেশি বেড়েছে। ফলে খাদ্যপণ্যের পাশাপাশি দৈনন্দিন ব্যবহারের এসব পণ্য কিনতেও বাড়তি খরচ করতে হচ্ছে পরিবারগুলোকে।

কয়েকজন ক্রেতা বলেন, নিত্যপণ্যের বাজার এমনিতেই চড়া। এর মধ্যে সাবান, শ্যাম্পু ও ডিটারজেন্ট কিনতে গত কয়েক মাসে বাড়তি টাকা গুনতে হচ্ছে। এতে নিম্নমধ্যবিত্ত পরিবারের ওপর চাপ আরও বাড়ছে।

মুগদা তাকওয়া ডিপার্টমেন্টাল স্টোরের মালিক বশির আহমেদ বলেন, গত তিন থেকে চার মাসে সাবান, শ্যাম্পু ও ডিটারজেন্ট পাউডারের দাম অস্বাভাবিক বেড়েছে। কোনো কোনো পণ্যের দাম ১৫ থেকে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে। ফলে ক্রেতারা এখন বড় প্যাকেটের বদলে ছোট আকারের পণ্য বেশি কিনছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, দাম বৃদ্ধিতে সবচেয়ে এগিয়ে আছে ইউনিলিভার কোম্পানির বেশ কিছু পণ্য। এর মধ্যে ১৫০ গ্রাম লাইফবয় সাবানের দাম ৭০ টাকা থেকে বেড়ে ৯০ টাকা হয়েছে, যা প্রায় ২৮ দশমিক ৬ শতাংশ বেশি। একই পরিমাণ লাক্স সাবানের দাম ৭৫ থেকে বেড়ে ৯৫ টাকা হয়েছে, অর্থাৎ বেড়েছে ২৬ দশমিক ৭ শতাংশ। এ ছাড়া, ডাভ ১৩৫ গ্রাম ১৪৫ থেকে ১৭০ টাকা, হুইল ডিটারজেন্ট ১ কেজি ১৪৫ থেকে ১৬৫ টাকা, রিন ডিটারজেন্ট ১৭৫ থেকে ১৯৫ টাকা এবং লাইফবয় ১ লিটার হ্যান্ডওয়াশ ৪০০ থেকে ৪৫০ টাকা হয়েছে।

শ্যাম্পুর মধ্যে সানসিল্ক ব্ল্যাক শাইন ৪৫০ এমএল ৫০০ থেকে ৫৫০ টাকা, সানসিল্ক থিক অ্যান্ড লং ৬৫০ এমএল ৬২০ থেকে ৭০০ টাকা এবং ক্লিয়ার ম্যান ৩৩০ এমএল ৪৫০ থেকে ৫০০ টাকা হয়েছে। টুথপেস্টের মধ্যে ক্লোজআপ মেনথল ফ্রেশ ১৪৫ গ্রাম ১৪০ থেকে ১৫৫ টাকা এবং পেপসোডেন্ট জার্মিচেক ১৯০ গ্রাম ১৪৫ থেকে ১৭০ টাকা হয়েছে।

কোহিনূর কেমিক্যালের ফাস্ট ওয়াশ ডিটারজেন্ট ১ কেজি ১৬০ থেকে ১৮০ টাকা, স্যান্ডেলিনা সাবান ৬৫ থেকে ৭৫ টাকা এবং ব্যাকট্রল ৪৫ থেকে ৫৫ টাকা হয়েছে। স্কয়ারের মেরিল সাবান ১৫০ গ্রাম ৭৫ থেকে ৯৫ টাকা এবং সেপনিল হ্যান্ডওয়াশ ৫০০ গ্রাম ১৭০ থেকে ২০০ টাকা হয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, টয়লেট্রিজ পণ্য এসেনশিয়াল পণ্যের তালিকায় না থাকায় এসব পণ্যের দাম নিয়ন্ত্রণে কার্যকর কোনো ব্যবস্থা নেই। নিয়মের এই সুযোগ কাজে লাগিয়ে ইচ্ছা মতো দাম বাড়াচ্ছে কোম্পানিগুলো।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এস এম নাজের হোসাইন গণমাধ্যমকে বলেন, দাম নির্ধারণে নীতিমালা না থাকায় কোম্পানিগুলো সুযোগ নিচ্ছে। উৎপাদন খরচের হিসাব করে প্রকৃত দাম বিশ্লেষণ এবং সরকারের নিয়ন্ত্রণ জোরদার করা প্রয়োজন।

তবে কোম্পানিগুলোর দাবি, টয়লেট্রিজ পণ্যের ৯০ শতাংশের বেশি কাঁচামাল আমদানিনির্ভর। ডলারের বিপরীতে টাকার মূল্য কমে যাওয়া, কাঁচামাল ও প্যাকেজিং উপকরণের দাম বৃদ্ধি, পামওয়েলের আন্তর্জাতিক বাজারমূল্য এবং জ্বালানি ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় উৎপাদন ব্যয় বেড়েছে। এ কারণে পণ্যের দাম সমন্বয় করতে হয়েছে বলে জানিয়েছে তারা।

/এফআর/