শিরোনাম

রাজধানীর বাজারে সোনালী মুরগির কেজি ৩২০

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বাজারে সোনালী মুরগির কেজি ৩২০
রাজধানীর বাজারে সোনালী মুরগির কেজি ৩২০

গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে কমেছে বেশিরভাগ সবজির দাম। তবে অপরিবর্তিত রয়েছে অধিকাংশ মাছের দাম। অন্যদিকে, গত সপ্তাহের তুলনায় বেড়েছে মুরগির দাম। বুধবার (২৬ আগস্ট) রাজধানীর কাওরান বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

সবজি বাজারে গিয়ে দেখা গেছে, প্রতি কেজি কচুর মুখী ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে, যা গত সপ্তাহে ছিলো ৬০ টাকা। প্রতি পিস লাউ ৬০ টাকা, গত সপ্তাহে ছিলো ৮০ টাকা। চালকুমড়া ৪০ টাকা, গত সপ্তাহে ছিলো ৫০ থেকে ৬০ টাকা। ঢেঁড়স ৪০ টাকা, গত সপ্তাহে ছিলো ৫০ টাকা। কচুর লতি ৬০ টাকা, যা গত সপ্তাহে ৭০ থেকে ৮০ টাকা ছিলো।

কারওয়ান বাজারে কমেছে সবজির দাম
কারওয়ান বাজারে কমেছে সবজির দাম

এছাড়া, প্রতি কেজি টমেটো ১০০ টাকা, গত সপ্তাহে ছিলো ১২০ টাকা। কাঁচামরিচ ১০০ টাকা, যা গত সপ্তাহে ছিলো ১২০ টাকা। করলা ৫০ থেকে ৬০ টাকা, গত সপ্তাহে ছিলো ৮০ টাকা। ঝিঙে ৬০ টাকা, গত সপ্তাহে ছিলো ৮০ টাকা। ধুন্দল ৫০ থেকে ৬০ টাকা, গত সপ্তাহে ছিলো ৭০ টাকা। বরবটি ৬০ টাকা, গত সপ্তাহে ছিলো ১০০ থেকে ১২০ টাকা। পটল ৫০ টাকা, যা গত সপ্তাহে ছিলো ৬০ থেকে ৭০ টাকা।

বিক্রেতা মো. আসলাম বলেন, ‘আজ বৃষ্টির কারণে দাম কিছুটা কম রয়েছে। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে সবজির দাম কিছুটা কমেছে।’

এদিকে, প্রতি কেজি আইর মাছ ৮০০ থেকে ৯০০ টাকা, মাঝারি সাইজের রুই ও কাতলা প্রতি কেজি ৪৫০ টাকা এবং মাঝারি সাইজের ভেটকি ১ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।

এছাড়া, প্রতি কেজি বাইলা মাছ ১ হাজার টাকা, নদীর মাঝারি সাইজের বোয়াল ৬০০ টাকা, পাবদা প্রতি কেজি ৫০০ টাকা, প্রতি কেজি রুপচাঁদা ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪৫০ টাকা, মাঝারি সাইজের চাষের চিংড়ি ৮০০ থেকে ১ হাজার টাকা, নদীর ছোট চিংড়ি ৮০০ টাকা, পোয়া মাছ ৩৫০ টাকা, লইট্টা ২০০ টাকা, ছোট সাইজের রুই ৩২০ টাকা এবং তেলাপিয়া ২২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

মাছের বাজার স্থিতিশীল। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর
মাছের বাজার স্থিতিশীল। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

অন্যদিকে, প্রতি কেজি মাঝারি সাইজের চাষের কৈ মাছের ২০০ টাকা এবং বড় সাইজ ২৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। বড় সাইজের ইলিশ মাছ প্রতি কেজি ২ হাজার ১০০ টাকা, মাঝারি সাইজ ১ হাজার ৩০০ টাকা এবং ছোট সাইজ ৯০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

মাছ বিক্রেতারা জানান, অধিকাংশ মাছের দাম গত সপ্তাহের মতোই রয়েছে। তবে বাজারে চাহিদা ও সরবরাহের ওপর ভিত্তি করে কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত দাম ওঠানামা করে। মাছের উৎপাদন কমে গেলে দাম বেড়ে যায়।

কাওরান বাজারে প্রতি কেজি গরুর মাংস ৭৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। কোরবানির পর থেকেই এই দামে গরুর মাংস বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

এছাড়া, প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৯০ টাকা দরে বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহের তুলনায় কেজিতে ১৫ থেকে ২০ টাকা বেড়েছে। সোনালি জাতের মুরগি প্রতি কেজি ৩২০ টাকা এবং লেয়ার জাতের মুরগি ৩৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এদিকে, ফার্মের লাল ডিম প্রতি ডজন ১৪০ টাকা এবং সাদা ডিম ১৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।

ডিম বিক্রেতা মো. নুর আলম বলেন, দুই দিন আগেও লাল ডিমের ডজন ১৫০ টাকা এবং সাদা ডিমের ডজন ১৪০ টাকা ছিল। এখন দাম কমেছে।

ক্রেতারা বলেন, গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে সবজি ও ডিমের দাম কিছুটা কমেছে। তবে, ব্রয়লার মুরগির দাম বেড়েছে। মাছের দাম স্থিতিশীল রয়েছে। মাঝেমধ্যে কেজিতে ২০-৩০ টাকা ওঠানামা করছে।

/এসবি/