শিরোনাম

চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত
চট্টগ্রাম বন্দর। ছবি: সিটিজেন জার্নাল

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দিয়েছিল ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’। তবে গত কযেকদিন ধরে চলা সেই ধর্মঘট স্থগিত করা হয়েছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে ধর্মঘট স্থগিতের সিদ্ধান্তের কথা জানায় চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।

এতে বলা হয়, জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজানে পণ্য খালাসের স্বার্থে ধর্মঘট কর্মসূচি সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে। তবে বন্দর কর্মচারীদের গ্রেপ্তার, হয়রানিমূলক বদলি, সাময়িক বরখাস্তসহ পাঁচটি সমস্যা সমাধান না হলে ১৬ ফেব্রুয়ারি আবার কর্মসূচি ঘোষণা করা হবে।

প্রসঙ্গত, গত ৩১ জানুয়ারি থেকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিলসহ চার দফা দাবিতে শ্রমিক-কর্মচারীরা কর্মবিরতি পালন করেন। টানা ছয় দিন পরে শুক্র ও শনিবার কর্মসূচি স্থগিত ছিল।

এরই মধ্যে ১৫ জন কর্মচারির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পর আন্দোলনকারীরা আবার কর্মসূচিতে ফিরে আসেন। দুদিনের বিরতির পর গতকাল রবিবার (৮ ফেব্রুয়ারি) থেকে পুনরায় লাগাতার ধর্মঘটের ডাক দেয় বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ। ওই দিন বহির্নোঙরের কার্যক্রমও বন্ধ ছিল। ফলে পুরো বন্দর কার্যত অচল হয়ে পড়ে।

তাদের দাবির মধ্যে রয়েছে, এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে লিজ না দেওয়ার বিষয়ে সরকারিভাবে ঘোষণা দেওয়া, বন্দর চেয়ারম্যানকে প্রত্যাহার করে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করা। এছাড়াও আন্দোলনরত কর্মচারীদের বিরুদ্ধে এখন পর্যন্ত গৃহীত সব শাস্তিমূলক ব্যবস্থা বাতিল করা এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত ব্যবস্থা না নেওয়া।

/জেএইচ/