জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাতের সম্পদের হিসাব চায় দুদক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাতের সম্পদের হিসাব চায় দুদক
জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. আবুল বারকাত

জ্ঞাত আয়বহির্ভূত স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পাওয়ায় জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ ড. আবুল বারকাতের সম্পদের হিসাব তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (২০ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো পৃথক আদেশে ২১ কর্মদিবসের মধ্যে সম্পদ বিবরণী জমা দেওয়ার জন্য বলা হয়েছে। দুদক সূত্রে এসব তথ্য জানা গেছে।

নোটিশ সূত্রে জানা যায়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(১) ধারায় আবুল বারকাতের কাছে সম্পদ বিবরণী দাখিলের এই আদেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সম্পদ বিবরণী দাখিল না করলে অথবা মিথ্যা কিংবা ভুল তথ্য দিয়ে বিবরণী জমা দিলে একই আইনের ২৬(২) ধারায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারকাতের বিরুদ্ধে ব্যাংক ঋণসংক্রান্ত একাধিক দুর্নীতির মামলায় অভিযোগ রয়েছে। ২৯৭ কোটি টাকা আত্মসাতের মামলায় তাকে ২০২৫ সালের ১১ জুলাই রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার করা হয়। রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

এছাড়া এননটেক্স গ্রুপের নামে প্রায় ৫৩১ কোটি টাকা আত্মসাতের অভিযোগের মামলায়ও তিনি চার্জশিটভুক্ত আসামি।

দুদকের অভিযোগ, বিভিন্ন সময়ে ব্যাংক ঋণ অনুমোদন ও বিতরণে অনিয়মের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের বিপুল অর্থ ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব মামলার তদন্ত ও সম্পদ অনুসন্ধানের ধারাবাহিকতায় আবুল বারকাতের সম্পদ বিবরণী তলব করা হয়েছে।

/টিই/