শিরোনাম

নাগরিক সেবায় এআই ব্যবহারে ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

সিটিজেন ডেস্ক
সিটিজেন ডেস্ক
নাগরিক সেবায় এআই ব্যবহারে ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

দেশের নাগরিক সেবাকে আরও আধুনিক ও জনবান্ধব করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবহারে ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ কথা জানান।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী উল্লেখ করেন, জাতীয় উন্নয়ন ও আধুনিকায়নের মূল চালিকাশক্তি হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা, ইলেকট্রনিক্স শিল্প এবং তরুণদের উদ্ভাবনী ক্ষমতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সরকার এআই প্রযুক্তিকে দেশের সামগ্রিক অগ্রগতির একটি বড় সুযোগ হিসেবে দেখছে। এ মহাপরিকল্পনার অংশ হিসেবে স্মার্ট সিটি বিনির্মাণ, নাগরিক সেবার সহজীকরণ এবং শিক্ষা ব্যবস্থায় এআই অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে, যা ভবিষ্যৎ কর্মক্ষেত্রের জন্য তরুণ প্রজন্মকে দক্ষ ও যোগ্য করে তুলবে।

অর্থমন্ত্রী জানান, তরুণদের মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে দেশে স্টার্টআপ, ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন এবং এআই-নির্ভর উদ্যোক্তা তৈরি করাই সরকারের মূল লক্ষ্য। এছাড়া, সরকারি সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে আরও কার্যকর ও গতিশীল করতে এআই-চালিত ডাটা সেন্টার ব্যবহার করা হবে। এর ফলে প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা বাড়ার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতাও নিশ্চিত হবে।

একই সঙ্গে, তথ্যপ্রযুক্তি খাতে নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করতে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে আরও ৫০০ কোটি টাকা স্টার্ট-আপ তহবিল হিসেবে প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী, যা মূলত তরুণ ও নারী উদ্যোক্তাদের বিকাশ এবং নারী উন্নয়নে ব্যয় করা হবে। এই যুগান্তকারী উদ্যোগগুলো বাংলাদেশকে একটি উদ্ভাবন-নির্ভর, প্রযুক্তি-সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

/এমএকে/