শিরোনাম

কমলো এলপি গ্যাসের দাম

কমলো এলপি গ্যাসের দাম
ছবি: সংগৃহীত

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমানো হয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দাম ঘোষণা করা হয়। গতকাল সোমবার সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানানো হয়।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন জানিয়েছে, এখন থেকে প্রতি কেজি এলপিজির দাম ১১১ টাকা ৭৯ পয়সা। এই হারে বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারিত হবে।

বাজারে বিভিন্ন আকারের সিলিন্ডার পাওয়া যায়। গৃহস্থালিতে সবচেয়ে বেশি ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারিত হয়েছে ১,৩৪১ টাকা। সংস্থাটি প্রতি মাসেই এলপিজির দাম নির্ধারণ করে।

তবে বাজারে নির্ধারিত দামে এলপিজি বিক্রি হচ্ছে না। গত দুই মাস ধরে সরবরাহ সংকট চলায় প্রতি সিলিন্ডারে ৪০০ থেকে ৫০০ টাকা বেশি নেওয়া হচ্ছে।

সরকারি কোম্পানির সরবরাহকৃত ১২.৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৮২৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। অন্যদিকে গাড়িতে ব্যবহৃত এলপিজির (অটো গ্যাস) দাম প্রতি লিটার ৬১ টাকা ৮৬ পয়সা নির্ধারণ করা হয়েছে।

২০২১ সালের এপ্রিল থেকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন নিয়মিতভাবে এলপিজির দাম নির্ধারণ করে আসছে। এলপিজির মূল উপাদান প্রোপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়।

প্রতি মাসে এই দুটি উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো। এটি পরিচিত সৌদি কার্গো মূল্য (সিপি) নামে। বিইআরসি দেশি বাজারে এলপিজির দাম নির্ধারণে এই সৌদি সিপিকে ভিত্তিমূল্য হিসেবে ব্যবহার করে।

এছাড়া আমদানিকারক কোম্পানির চালান (ইনভয়েস) মূল্যের ভিত্তিতে মাসের গড় ডলারের দাম হিসাব করে বিইআরসি এলপিজির চূড়ান্ত দাম নির্ধারণ করে থাকে।র জন্য ডলারের দাম হিসাব করে বিইআরসি।

/জেএইচ/