মূল্যস্ফীতি মানুষের ক্রয় ক্ষমতায় চাপ তৈরি করেছে: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
 মূল্যস্ফীতি মানুষের ক্রয় ক্ষমতায় চাপ তৈরি করেছে: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, মূল্যস্ফীতি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার ওপর চাপ তৈরি করেছে। একই সঙ্গে জিডিপির অনুপাতে কর আদায় প্রয়োজনের তুলনায় অনেক কম। ব্যাংক খাতে আস্থা ফেরানো, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোও এখন দেশের অর্থনীতির জন্য বড় চ্যালেঞ্জ।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) আয়োজিত জাতীয় আন্তঃবিশ্ববিদ্যালয় অর্থনীতি বিষয়ক প্রতিযোগিতা ‘ইকোনথন ২০২৬’-এর গ্র্যান্ড ফাইনালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বৈশ্বিক প্রবৃদ্ধি মন্থর হওয়া, অর্থায়নের ব্যয় বৃদ্ধি, আন্তর্জাতিক বাণিজ্যে শুল্ক ও সংরক্ষণবাদ বাড়া এবং ভূরাজনৈতিক সংঘাতের কারণে বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা বেড়েছে। জ্বালানি ও পরিবহন ব্যয়ের অস্থিরতা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবও অর্থনীতিতে চাপ তৈরি করছে।

বাংলাদেশের মতো আমদানিনির্ভর ও রপ্তানিমুখী অর্থনীতিতে এসব বৈশ্বিক সংকটের সরাসরি প্রভাব পড়ে উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এর প্রভাব বাজারে পণ্যের দাম, টাকার বিনিময় হার এবং রপ্তানি আদেশে দেখা যায়।

অর্থমন্ত্রী বলেন, ‘অর্থ মন্ত্রণালয়ে আমাদের প্রতিটি দিনই সারপ্রাইজ এলিমেন্টের দিন। বাজেট তৈরির পর জ্বালানির দাম, বৈদেশিক মুদ্রার চাপ, বন্যা কিংবা বিশ্ববাজারের অনিশ্চয়তার মতো নতুন চ্যালেঞ্জ সামনে আসে।’

দেশের অর্থনীতির অগ্রাধিকারের খাতগুলোর বিষয়ে তিনি বলেন, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও মূল্যস্থিতি ফিরিয়ে আনা, কর ব্যবস্থাকে সহজ ও প্রযুক্তিনির্ভর করা, ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠা এবং বেসরকারি বিনিয়োগের পরিবেশ উন্নত করতে হবে।

স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের প্রস্তুতির প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, পরিবর্তিত বৈশ্বিক ও অভ্যন্তরীণ বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের অর্থনীতিকে প্রস্তুত করতে হবে।

প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, চাপের মধ্যে চিন্তা করা, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া এবং যুক্তি দিয়ে নিজের অবস্থান তুলে ধরার সক্ষমতা নীতিনির্ধারণের গুরুত্বপূর্ণ দক্ষতা। এসব দক্ষতা অর্জন করতে হবে।

/বিবি/