শিরোনাম

সিপিডির নির্বাহী পরিচালকের দায়িত্বে নাজনীন আহমেদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
সিপিডির নির্বাহী পরিচালকের দায়িত্বে নাজনীন আহমেদ
উন্নয়ন অর্থনীতিবিদ ড. নাজনীন আহমেদ

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালকের দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট উন্নয়ন অর্থনীতিবিদ ড. নাজনীন আহমেদ। আগামী ১ সেপ্টেম্বর থেকে তার নিয়োগ কার্যকর হবে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সিপিডি।

এদিকে, আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে সিপিডি জানায়, বর্তমান নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুনকে সিপিডির সম্মাননীয় ফেলো হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সিপিডির নতুন নির্বাহী পরিচালকে ড. নাজনীন আহমেদ অর্থনৈতিক গবেষণা, নীতিগত বিশ্লেষণ এবং উন্নয়ন কর্মকাণ্ডে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে প্রায় তিন দশকের অভিজ্ঞতা নিয়ে সিপিডির নেতৃত্বে আসছেন। এই পদে যোগদানের আগে তিনি জাতিসংঘ উন্নয়ন কর্মসূচিতে (ইউএনডিপি) দায়িত্ব পালন করেছেন। তিনি দুই বছর ইউএনডিপি বাংলাদেশের কান্ট্রি ইকোনমিস্ট হিসেবে দায়িত্ব পালনের পর নিউইয়র্কে ইউএনডিপির এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক ব্যুরোতে তিন বছর পলিসি অ্যাডভাইজার হিসেবে কাজ করেন।

এর আগে, ড. নাজনীন আহমেদ বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে (বিআইডিএস) দীর্ঘ ২৫ বছরের কর্মজীবন সম্পন্ন করেন। ১৯৯৮ সালের জুলাইয়ে তিনি গবেষণা সহযোগী হিসেবে বিআইডিএসে যোগ দেন। পরবর্তীতে বিভিন্ন গবেষণা পদে দায়িত্ব পালনের মাধ্যমে তিনি প্রতিষ্ঠানটির গবেষণা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।

শিক্ষাজীবনে ড. নাজনীন আহমেদ নেদারল্যান্ডসের ওয়াখেনিনজেন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে পিএইচডি এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাসেক্স থেকে ডেভেলপমেন্ট ইকোনমিকসে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এর আগে, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেন।

/এফআর/