মাদ্রাসার ছাদে সোলার প্যানেল স্থাপনে নতুন মডেল অনুসরণের নির্দেশ

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
মাদ্রাসার ছাদে সোলার প্যানেল স্থাপনে নতুন মডেল অনুসরণের নির্দেশ
ছবি: সিজেডএন গ্রাফিক্স

দেশের মাদ্রাসার ভবনের ছাদে নতুন সৌরবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে অপারেশনাল এক্সপেনডিচার (ওঅপেক্স) মডেল অনুসরণের নির্দেশ দিয়েছে সরকার। এ মডেলে বেসরকারি সরবরাহকারী প্রতিষ্ঠান নিজস্ব অর্থায়নে সোলার প্যানেল স্থাপন ও রক্ষণাবেক্ষণ করবে। আর উৎপাদিত বিদ্যুৎ চুক্তিতে নির্ধারিত দামে কিনবে সংশ্লিষ্ট মাদ্রাসা।

সোমবার (১২ অক্টোবর) বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামানের সই করা এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়। বোর্ডের অধীন সব স্তরের মাদ্রাসার অধ্যক্ষ, সুপার, প্রতিষ্ঠানপ্রধান, সভাপতি ও পরিচালনা কমিটির সদস্যদের এ বিষয়ে জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, গত ১৯ আগস্ট অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে এ-সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০১৬-২০৩০ অনুসরণ করে সরকারি মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার নিজস্ব স্থাপনায় নতুন রুফটপ সোলার প্রকল্প ওঅপেক্স মডেলে বাস্তবায়নের সিদ্ধান্ত হয়।

ওই সিদ্ধান্তের আলোকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন প্রতিষ্ঠানগুলোর নতুন সৌরবিদ্যুৎ প্রকল্পেও একই মডেল অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে। মাদ্রাসার নিজস্ব ভবন বা স্থাপনার ছাদে নতুন সোলার প্রকল্প চালুর ক্ষেত্রে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের নির্ধারিত কৌশলপত্র অনুসরণ করতে হবে।

ওঅপেক্স মডেলে সোলার প্যানেল স্থাপনের প্রাথমিক ব্যয় ও রক্ষণাবেক্ষণ করবে সরবরাহকারী প্রতিষ্ঠান। ফলে মাদ্রাসার নিজস্ব অর্থায়নের প্রয়োজন পড়বে না। তবে উৎপাদিত বিদ্যুৎ ব্যবহারের জন্য সরবরাহকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনুযায়ী নির্ধারিত মূল্য পরিশোধ করতে হবে।

এ নির্দেশনা বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের কাছেও চিঠির অনুলিপি পাঠানো হয়েছে বলে জানিয়েছে বোর্ড।

/জেএইচ/