শিরোনাম

ব্যক্তিগত একাধিক গাড়িতে পরিবেশ কর, সর্বোচ্চ সাড়ে ৩ লাখ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ব্যক্তিগত একাধিক গাড়িতে পরিবেশ কর, সর্বোচ্চ সাড়ে ৩ লাখ
প্রতীকী ছবি

পরিবেশের ওপর সৃষ্ট বাড়তি চাপ মোকাবিলায় ব্যক্তিগত একাধিক গাড়ির মালিকদের ওপর পরিবেশগত সারচার্জ বা পরিবেশ কর আরোপের প্রস্তাব দেওয়া হয়েছে। আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই কর আরোপের বিধান রাখা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (১১ জুন) বিকালে জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট পেশকালে এ তথ্য জানান তিনি।

নতুন এই পরিবেশ কর নির্ধারণ করা হবে গাড়ির ইঞ্জিন সক্ষমতার ভিত্তিতে। যার সর্বনিম্ন হার গাড়ি প্রতি ২৫ হাজার টাকা আর সর্বোচ্চ কর নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ৫০ হাজার টাকা। এই সারচার্জ আদায়ের দায়িত্ব পাবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। গাড়ির ফিটনেস, নিবন্ধন বা পুনর্নিবন্ধন ফি পরিশোধের সময়ই পরিবেশ কর পরিশোধ করতে হবে।

ফাইন্যান্স বিল অনুযায়ী, কোন ব্যক্তির একাধিক গাড়ি থাকলে সবচেয়ে কম হারে কর প্রযোজ্য যে গাড়িটির ওপর সর্বনিম্ন পরিবেশ কর প্রযোজ্য, সেই একটি গাড়ি বাদে বাকি সব গাড়ির বিপরীতে কর দিতে হবে। অর্থাৎ, একাধিক গাড়ির মালিকের জন্য শুধুমাত্র একটি গাড়ি (সর্বনিম্ন হারের) এই কর থেকে অব্যাহতি পাবে।

প্রস্তাবে আরও বলা হয়েছে, এই পরিবেশগত সারচার্জ অন্য কোনো করের সঙ্গে সমন্বয়যোগ্য হবে না। করদাতার নামে বিআরটিএ থেকে একাধিক বছরের ফিটনেস সনদপ্রাপ্ত গাড়ি নিবন্ধিত থাকলে, আয়কর রিটার্নের সঙ্গে পরিবেশ কর-সংক্রান্ত তথ্য ও প্রমাণপত্র সংশ্লিষ্ট যুগ্ম কর কমিশনারের কাছে জমা দিতে হবে।

পরিবেশ কর কী?

ব্যক্তিমালিকানাধীন একাধিক মোটর গাড়ি বা মোটরচালিত যানবাহন থাকলে একের অধিক প্রতিটি গাড়ির জন্য জন্য যানবাহন করের পাশাপাশি পরিবেশ সারচার্জ বাধ্যতামূলকভাবে পরিশোধ করতে হয়।

বাস, মিনিবাস, কোস্টার, প্রাইম মুভার, ট্রাক, লরি, ট্যাংক লরি, পিকআপ ভ্যান, হিউম্যান হলার, অটোরিকশা এবং মোটরসাইকেল ছাড়া অন্য সব স্বাভাবিক ব্যক্তির একাধিক ব্যক্তিগত মোটরচালিত যানবাহনের ক্ষেত্রে পরিবেশ সারচার্জ প্রযোজ্য।

কেন এই নতুন ‘পরিবেশ কর’

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, মূলত পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা উৎসাহিত করতেই নতুন এই সারচার্জ আরোপের প্রস্তাব করা হয়েছে।

কোন গাড়ির জন্য কর কত?

গাড়ির ইঞ্জিন সক্ষমতা (সিসি) বা মোটরশক্তির (কিলোওয়াট) ওপর ভিত্তি করে প্রস্তাবিত করের হার নিচে দেওয়া হলো–

১/ ১৫০০ সিসি বা ৭৫ কিলোওয়াট পর্যন্ত: ২৫ হাজার টাকা (প্রতি গাড়ি)

২/ ১৫০০ সিসির বেশি ২০০০ সিসি বা ১০০ কিলোওয়াট পর্যন্ত: ৫০ হাজার টাকা

৩/ ২০০০ সিসির বেশি ২৫০০ সিসি বা ১২৫ কিলোওয়াট পর্যন্ত: ৭৫ হাজার টাকা

৪/ ২৫০০ সিসির বেশি ৩০০০ সিসি বা ১৫০ কিলোওয়াট পর্যন্ত: ১ লাখ ৫০ হাজার টাকা

৫/ ৩০০০ সিসির বেশি ৩৫০০ সিসি বা ১৭৫ কিলোওয়াট পর্যন্ত: ২ লাখ টাকা

৬/ ৩৫০০ সিসি বা ১৭৫ কিলোওয়াটের বেশি: ৩ লাখ ৫০ হাজার টাকা

/এফআর/