শিরোনাম

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানকে সরানো হচ্ছে না

সিটিজেন ডেস্ক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানকে সরানো হচ্ছে না
ইসলামী ব্যাংক বাংলাদেশের নবনিযুক্ত চেয়ারম্যান মো. খুরশীদ আলম। ছবি: সংগৃহীত

ইসলামী ব্যাংক বাংলাদেশের নবনিযুক্ত চেয়ারম্যান মো. খুরশীদ আলমকে অপসারণের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেছেন, কোনো ধরনের আন্দোলন বা চাপের মুখে নিয়োগ–সংক্রান্ত সিদ্ধান্ত পরিবর্তনের সম্ভাবনা নেই।

সোমবার (১ জুন) সকালে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ‘ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম’-এর ব্যানারে একদল ব্যক্তি নতুন চেয়ারম্যানের নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেন। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জের পাশাপাশি জলকামান, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে। এতে কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

চলমান পরিস্থিতির মধ্যে চেয়ারম্যান মো. খুরশীদ আলমকে তার পদে বহাল রাখা হবে কি না—এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, আন্দোলনের সঙ্গে নিয়োগের সিদ্ধান্তের কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, কোনো একটি আন্দোলনের কারণে যদি কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত পরিবর্তন করে, তাহলে বিপরীত অবস্থানে থাকা আরেকটি গোষ্ঠী আন্দোলন শুরু করলে সেই পরিস্থিতি কীভাবে মোকাবিলা করা হবে—সেটিও বিবেচনায় রাখতে হবে। তাই বাংলাদেশ ব্যাংক তার নিজস্ব নীতিমালা ও প্রক্রিয়া অনুযায়ী কাজ করবে।

তিনি আরও বলেন, আন্দোলনের কারণে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সুযোগ বা সম্ভাবনা নেই। বাংলাদেশ ব্যাংক স্বাধীনভাবে তার দায়িত্ব পালন করবে এবং এ ধরনের কর্মসূচি সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলবে না।

এর আগে গত ২৪ মে রাতে বাংলাদেশ ব্যাংক সাবেক গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। একই দিন ব্যাংকের কিছু গ্রাহক ও কর্মকর্তা পরিচয়ে আন্দোলনের মুখে অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগ পাওয়া চেয়ারম্যান এম জুবাইদুর রহমান পদত্যাগ করেন।

এদিকে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বর্তমানে দীর্ঘ ছুটিতে রয়েছেন। চেয়ারম্যান পরিবর্তনকে কেন্দ্র করে ইসলামী ব্যাংকের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে আলোচনা অব্যাহত রয়েছে।

/এমআর/