শিরোনাম

ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় এমডি ওমর ফারুকের পদত্যাগপত্র গৃহীত

সিটিজেন ডেস্ক
ইসলামী ব্যাংকের পর্ষদ সভায় এমডি ওমর ফারুকের পদত্যাগপত্র গৃহীত
ইসলামী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম ওমর ফারুক খান। ছবি: সংগৃহীত

দিনভর উত্তেজনা ও নানামূখী ঘটনাপ্রবাহের পর সোমবার (২ জুন) রাতে ইসলামী ব্যাংকের পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ব্যাংকটির এমডি ওমর ফারুক খানের পদত্যাগপত্র গৃহীত হয়েছে।

এদিন রাত ৯টার দিকে ভার্চুয়াল পদ্ধতিতে সভা শুরু হয়, যা প্রায় ৪০ মিনিট চলে। এতে পর্ষদের সকল সদস্য উপস্থিত ছিলেন।

মিটিংয়ে অংশ নেওয়া ইসলামী ব্যাংকের একজন উর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, নিয়মিত পর্ষদ সভার মতোই কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। রাত ৯ টায় মিটিং শুরু হয়েছে এবং শেষ হয়েছে ৯টা ৪০ মিনিটে। তিনি আরো বলেন, মিটিংয়ে এজেন্ডায় থাকা বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। ওমর ফারুক খানের পদত্যাগপত্র সর্বসম্মতিক্রমে গ্রহণ করে পর্ষদ।

এছাড়া ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হোসেনের দায়িত্ব চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয় পর্ষদে। সময়ের অভাবে অন্যান্য এজেন্ডা গুলো নিয়ে আলোচনা করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

প্রসঙ্গত, নবনিযুক্ত চেয়ারম্যান খুরশীদ আলমের পদত্যাগ এবং ওমর ফারুক খানকে এমডি পদে ফিরিয়ে আনার দাবিতে সোমবার সকাল থেকে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন জামাত-সমর্থিত আন্দোলনকারীরা।

বিক্ষোভের মুখে পর্ষদ সভায় যোগ দিতে ব্যাংকে আসতে পারেননি খুরশীদ আলম। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নিয়ে দুপুর আড়াইটায় অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সভার উদ্যোগ নেওয়া হলেও বিক্ষোভকারীদের চাপের মুখে ভন্ডুল হয়।

/এমআর/