অস্ত্রসহ ‘ফোর স্টার’ গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
 অস্ত্রসহ ‘ফোর স্টার’ গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার
‘ফোর স্টার’ গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

রাজধানীর পল্লবী এলাকায় আধিপত্য বিস্তার, শোডাউন ও চাঁদাবাজির সঙ্গে জড়িত কিশোর গ্যাং ‘ফোর স্টার’ গ্রুপের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এসময় তাদের কাছ থেকে বিদেশি পিস্তল, এক রাউন্ড তাজা গুলি, ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এসআরবি-৪। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে পল্লবী থানার সিরামিকস ও ১২ নম্বর ঝিলপাড় এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে ‘ফোর স্টার’ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. জুয়েল রানা (২৬), মো. সায়মন (২০), মো. রমজান (২২), মো. বিজয় (২৩), মো. ফজলে রাব্বি চিকু (২৩), মো. আফসার হোসেন জিম (১৯), মো. জাহাঙ্গীর হোসেন এবং মো. মিশন ইসলাম ওরফে মিনহাজুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভিযানে পল্লবী থানা এলাকার একটি বাসা থেকে ‘ফোর স্টার’ মশিউর ওরফে মামুন গ্রুপের শুটার আফসার হোসেন জিম ও তার সহযোগী সায়মনকে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করা হয়। তারা মশিউর ওরফে মামুনের পক্ষে জায়গা দখল ছাড়াও হোটেল রুমে আটকে রেখে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজিসহ সশস্ত্র হামলায় জড়িত। এ ছাড়া অভিযানে গ্রুপটির মাদক কারবার নিয়ন্ত্রণকারী জাহাঙ্গীর হোসেনের কাছ থেকে ২৫ পিস ইয়াবা ও ১৬ হাজার টাকা জব্দ করা হয়েছে।

এসআরবির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রুপটি সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্রের মহড়ার ভিডিও প্রকাশ করে পল্লবী ও রূপনগর এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছিল। এ ছাড়াও সাংবাদিকের বাসায় হামলা, অস্ত্র সরবরাহ, চুরি-দস্যুতা ও কিশোর গ্যাং পরিচালনার অভিযোগে গ্রেপ্তারদের প্রত্যেকের নামেই একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নিতে গ্রেপ্তারদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

কিশোর গ্যাং ও সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে ভবিষ্যতেও এমন সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

/এসবি/