শিরোনাম

বাসায় ডেকে প্রেমিকাকে হত্যা

বরিশাল সংবাদদাতা
বাসায় ডেকে প্রেমিকাকে হত্যা
ছবি: সিটিজেন গ্রাফিক্স

বরিশালে প্রেমিকের বাসা থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে বাসায় ডেকে এনে হত্যা করে প্রেমিক পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) নগরীর বগুড়া রোডের রাফি মঞ্জিলে এ ঘটনা ঘটে।

নিহত তরুণী পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বাসিন্দা।

ঘটনার পর থেকে পলাতক প্রেমিক মইনুল ইসলাম হিমু। তিনি ঝালকাঠির কাটপট্টি রোড এলাকার মিল্টন আকনের ছেলে। মায়ের চাকরির সুবাদে তারা বরিশাল নগরীর বগুড়া রোডের মুন্সি গ্যারেজ এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন।

অভিযুক্ত প্রেমিক হিমুর মা বলেন, হিমুর সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। তবে গোপনে অন্য ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ায় তরুণী। বিষয়টি আমার ছেলে জানতে পেরেছে। তবে ছেলে তাকে হত্যা করেছে কি-না, আমি জানি না।

তিনি বলেন, অসুস্থতার কারণে বৃহস্পতিবার সকালে আমি মেয়ের বাসায় ছিলাম। দুপুরে বাসায় এসে দরজায় তালা দেওয়া দেখি। তালা খুলে ভেতরে ঢুকতেই দেখতে পাই বিছানার ওপর মেয়েটির নিথর দেহ পড়ে আছে। এরপর ছেলেকে একের পর এক ফোন করলেও মোবাইল নম্বর বন্ধ পাই। ঘরে মেয়ে এবং হিমু ছাড়া আর কেউ ছিল না।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ধারণা করছি, প্রেমিকাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকে হিমু পলাতক। তাকে আটক করতে পারলে ঘটনার সত্যতা বেরিয়ে আসবে।

এসআর