সাবেক স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখায় প্রবাসীকে কুপিয়ে আহত: গ্রেপ্তার ২

সিজেডএন ডেস্ক
সিজেডএন ডেস্ক
সাবেক স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখায় প্রবাসীকে কুপিয়ে আহত: গ্রেপ্তার ২
প্রবাসীকে কুপিয়ে আহত করার ঘটনায় গ্রেপ্তার দুজন

রাজধানীর মোহাম্মদপুরে প্রবাসী লস্কর হৃদয়কে (২৫) কুপিয়ে আহত করার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, সাবেক স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে।

গ্রেপ্তার দুজন হলেন শান্ত (২৫) ও বিল্লাল ওরফে কালা বিল্লাল (২৫)। পুলিশ জানিয়েছে, তারা কিশোর গ্যাংয়ের সদস্য।

আজ শুক্রবার (২৮ আগস্ট) মোহাম্মদপুর থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জুয়েল রানা এসব তথ্য জানান।

পুলিশ কর্মকর্তা জুয়েল রানা বলেন, মোহাম্মদপুর লিমিটেড এলাকায় এক যুবককে কুপিয়ে আহত করার খবর পেয়ে পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করে। পরে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মোহাম্মদপুর থানায় মামলা করা হয়। তদন্তের ভিত্তিতে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, হামলার পেছনে সম্পর্কসংক্রান্ত বিরোধ ছিল। এডিসি জুয়েল রানা বলেন, কয়েক বছর আগে হৃদয় এক নারীকে বিয়ে করেন। পরে ওই নারী কিশোর গ্যাংয়ের নেতা মুন্না ওরফে ক্যাপ্টেন মুন্নার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তিনি হৃদয়কে ছেড়ে মুন্নাকে বিয়ে করেন।

পুলিশ জানায়, ওই ঘটনার প্রায় তিন বছর পর হৃদয় সৌদি আরবে চলে যান। পরে তার সঙ্গে সাবেক স্ত্রীর আবারও গোপনে যোগাযোগ ও সম্পর্ক তৈরি হয়।

বিষয়টি জানতে পেরে মুন্না হৃদয়কে ফোন করে হুমকি দেন এবং সাবেক স্ত্রীর সঙ্গে যোগাযোগ বন্ধ করতে বলেন। তবে হৃদয় যোগাযোগ অব্যাহত রাখেন বলে পুলিশের দাবি।

সম্প্রতি ছুটিতে দেশে ফেরেন হৃদয়। তার দেশে ফেরার খবর পেয়ে মুন্না তাকে ডেকে নেন। পরে তাকে কুপিয়ে আহত করা হয় বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় হৃদয়ের বাবা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন। মামলায় মুন্নাসহ চারজনের নাম উল্লেখ করা হয়েছে। অন্য আসামিরা হলেন রাসেল ওরফে আন্ডা রাসেল, বিল্লাল ওরফে কালা বিল্লাল এবং সাইফুল ওরফে ঘাড়কাটা সাইফুল। এ ছাড়া কয়েকজনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।

মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

/এমআর/