শিরোনাম

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

জয়পুরহাট সংবাদাতা
জয়পুরহাট সংবাদাতা
মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুল ইসলাম। ফাইল ছবি

ফেসবুকে মাদক সেবনের ভিডিও ভাইরাল হওয়ার পর জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় বিএনপির এক নেতাকে তার পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। আজ শনিবার (২০ জুন) রাতে আক্কেলপুর উপজেলা বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে অব্যাহতির এ তথ্য জানানো হয়।

ওই নেতার নাম সাইদুল ইসলাম। তিনি আক্কেলপুরের গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতি। মাদক সেবনের ঘটনায় তাকে সাময়িক অব্যাহতি দেওয়ার পাশাপাশি গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপি নেতা সাইদুল ইসলামের মাদক সেবনের একটি ভিডিও ভাইরাল হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে উপজেলা বিএনপি তাঁকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেয়। সেই সঙ্গে ঘটনাটি তদন্তে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। শনিবার রাতে তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর উপজেলা বিএনপি সাইদুল ইসলামকে সভাপতির পদ থেকে সাময়িক অব্যাহতি দেয়। এছাড়া এই ঘটনায় গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির কমিটিও বিলুপ্ত করা হয়।

এ বিষয়ে ‎আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুজ্জামান কমল বলেন, মাদক সেবনের ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় সাইদুল ইসলামকে শোকজ করা হয়েছিল। বিষয়টি তদন্তে পাঁচ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হয়।

অব্যাহতিপত্রে ‎আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল, সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহম্মেদ রানা এবং সাংগঠনিক সম্পাদক সামিউল হাসান (ইমন) ও এম ইউ আহাম্মদ মোশাররফের স্বাক্ষর রয়েছে। এতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে সাইদুল ইসলামকে গোপীনাথপুর ইউনিয়ন বিএনপির সভাপতির পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হলো। শনিবার থেকে তাঁর সঙ্গে দলীয় কোনো কর্মকাণ্ডে কেউ জড়িত হলে সেটি তাঁর ব্যক্তিগত দায় হিসেবে গণ্য হবে।

/বিবি/