ধর্ম অবমাননার অভিযোগে সাতক্ষীরায় দফায় দফায় গণপিটুনি, যুবকের মৃত্যু

সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরা সংবাদদাতা
ধর্ম অবমাননার অভিযোগে সাতক্ষীরায় দফায় দফায় গণপিটুনি, যুবকের মৃত্যু
সাতক্ষীরার দেবহাটায় গণপিটুনিতে মারা যাওয়া ওয়াহিদুজ্জামান শামীম। ফাইল ছবি

সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে দফায় দফায় গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত যুবকের নাম ওয়াহিদুজ্জামান শামীম। তিনি দেবহাটা উপজেলার বড় শান্তা গ্রামের মৃত শামছুর রহমানের ছেলে। পরিবারের দাবি, শামীম মানসিক রোগে ভুগছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি শামীমের কিছু বিতর্কিত অডিওবার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এসব অডিওতে তিনি ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেছেন বলে অভিযোগ ওঠে। এর জেরে সোমবার রাতে স্থানীয় লোকজন তার বাড়িতে গিয়ে তাকে হুমকি-ধমকি দেন। এই ঞটনায় তিনি বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে কুলিয়া এলাকার এক গ্রাম্য চিকিৎিসকের চেম্বারে নিয়ে যায় ।

মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে প্রচার হলে বিক্ষুব্ধ জনতা ওই চেম্বারে ঢুকে শামীমকে প্রথম দফায় মারধর করে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কিন্তু রাত ৯টার দিকে শত শত মানুষ হাসপাতালে ঢুকে শামীমের ওপর দ্বিতীয় দফায় হামলা চালায় ও তাকে বেদম মারধর করে। পরে গুরুতর অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহীন জানান, মঙ্গলবার রাতে ধর্ম অবমাননার অভিযোগে উত্তেজিত জনতা ওয়াহিদুজ্জামান শামীমকে মারধর করছিল। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে ওই রাতেই কিছু লোক হাসপাতালে ঢুকে তাকে দ্বিতীয় দফায় মারধর করে। একপর্ষায়ে অবস্থার অবনতি হলে পুলিশি পাহারায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং শামীমের মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

/বিবি/