শিরোনাম

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ-মামুন ‘আওয়ামী লীগের দোসর’: চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক
সাবেক সেনা কর্মকর্তা মাসুদ-মামুন ‘আওয়ামী লীগের দোসর’: চিফ প্রসিকিউটর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ফাইল ছবি: সংগৃহীত

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ এবং সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে ‘ফ্যাসিস্ট সরকারের দোসর’ ও ‘দুষ্কৃতকারী’ হিসেবে উল্লেখ করেছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি দাবি করেন, দুইজনের অতীতের বহু কর্মকাণ্ড মানবতাবিরোধী অপরাধের মধ্যে পড়ে।

রবিবার (২৯ মার্চ) দুপুরে প্রাঙ্গণে আয়োজিত এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এর আগে সকালে ট্রাইব্যুনাল-২ এ পৃথক দুটি মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী ও শেখ মামুন খালেদকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে প্রসিকিউশন। মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে জুলাইয়ের গণহত্যা এবং শেখ মামুন খালেদের বিরুদ্ধে গুমের অভিযোগ আনা হয়েছে।

প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল আগামী ৭ এপ্রিল তাদের আদালতে হাজির করার নির্দেশ দিয়েছেন।

ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর বলেন, অতীতের বিভিন্ন ঘটনায় এই দুই কর্মকর্তা গণতন্ত্র ও সুশাসন বিনষ্টসহ খুন, গুমসহ নানা অপরাধে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ড মানবতাবিরোধী অপরাধের আওতায় পড়ে বলেও তিনি উল্লেখ করেন।

তবে তদন্ত চলমান থাকায় সব অভিযোগ এখনই প্রকাশ করা সম্ভব নয় বলে জানান তিনি। পূর্ণাঙ্গ তদন্ত শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার হওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন চিফ প্রসিকিউটর।

তিনি আরও বলেন, এ ধরনের অপরাধের যথাযথ বিচার হলে ভবিষ্যতে দায়িত্বশীল অবস্থানে থেকে কেউ মানবতাবিরোধী কর্মকাণ্ডে জড়ানোর সাহস পাবে না।

এর আগে, মাসুদ উদ্দিন চৌধুরীকে গত সোমবার রাতে ঢাকার বাসা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে পল্টন থানার মানব পাচার-সংক্রান্ত মামলায় আদালতের মাধ্যমে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয় তাকে। একই সঙ্গে এক-এগারোর সময়কার ভূমিকা নিয়েও তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অন্যদিকে, শেখ মামুন খালেদকে বুধবার (২৫ মার্চ) গ্রেপ্তার করা হয়। মিরপুর থানার জুলাইয়ের গণ-অভ্যুত্থানকালের একটি হত্যা মামলায় আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে তাকেও ডিবি হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

/এসএ/