গুলিতে বিএনপি কর্মী নিহত: হাসিনা-জয়সহ ১২৫ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
গুলিতে বিএনপি কর্মী নিহত: হাসিনা-জয়সহ ১২৫ জনের বিরুদ্ধে মামলা
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়

জুলাই আন্দোলনে রাজধানীর খিলগাঁও এলাকায় বিএনপির কর্মী জাহিদ হোসেন রাব্বীকে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ ১২৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন করেছেন নিহতের নাঈম কলিমুল্লাহ সরকার।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলার আবেদন করেন তিনি।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করে আদালতের বেঞ্চ সহকারী রিপন মিয়া বলেন, শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রৌনক জাহান তাকি মামলাটি গ্রহণ করেন। একইসঙ্গে অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী দুই নভেম্বর পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকী, আইনমন্ত্রী আনিসুল হক, পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, পরিবেশ ও বনমন্ত্রী সাবের হোসেন চৌধুরী, বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবীর নানক, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, শাজাহান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ড. আব্দুর রাজ্জাক, সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সাবেক তিন প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, মোহাম্মদ এ আরাফাত, জুনাইদ আহমেদ পলক, সাবেক তিন সিটি মেয়র শেখ ফজলে নূর তাপস, আতিকুর রহমান ও জাহাঙ্গীর আলম, সাবেক এমপি মাহবুব-উল-আলম হানিফ, শেখ হেলাল, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মির্জা আযম, মুজিবুর রহমান চৌধুরী, নূর মোহাম্মদ, সাইফুজ্জামান শেখর, নূরুন্নবী চৌধুরী শাওন, নজরুল ইসলাম বাবু, ডা. হাবিব এ মিল্লাত, সাবেক মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়া, সাবেক মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন, সাবেক অতিরিক্ত সচিব হারুন অর রশীদ বিশ্বাস, সাবেক যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, আবুল ফজল মীর বাদল, সাবেক অতিরিক্ত সচিব শায়লা ফারজানা শিউলি।

আইনশৃঙ্খলার বাহিনীর মধ্যে সাবেক চার আইজিপি- শহীদুল হক, বেনজীর আহম্মেদ, জাবেদ পাটোয়ারী, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এনটিএমসির সাবেক ডিজি জিয়াউল আহসান, সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া ও হাবিবুর রহমান, ডিবির সাবেক প্রধান হারুন-অর-রশীদ, সাবেক এসবি প্রধান মনিরুল ইসলাম, আব্দুল কাহার আকন্দেরও নাম আছে।

মামলার এজাহারে বলা হয়েছে, নিহত রাব্বী বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তিনি পেশায় একজন ফটোগ্রাফার ও গ্রাফিক্স ডিজাইনার ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট খিলগাঁওয়ের তালতলা এলাকায় আন্দোলনে অংশ নেন রাব্বী। দুপুর ২টার দিকে গুলিবিদ্ধ হন তিনি। তাকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাব্বীকে মৃত ঘোষণা করেন।

/এসবি/