শিরোনাম

সাবেক সেনা কর্মকর্তা মাসুদ আরও ৬ দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
সাবেক সেনা কর্মকর্তা মাসুদ আরও ৬ দিনের রিমান্ডে
মাসুদ উদ্দিন চৌধুরীকে কড়া নিরাপত্তায় আদালতে হাজির করা হয়। ছবি: সিটিজেন জার্নাল

সিন্ডিকেট করে ২৪ হাজার কোটি টাকা আত্মসাৎ ও মানব পাচারের মামলায় আবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য আরও ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (২৯ মার্চ) দুপুরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এই আদেশ দেন।

এর আগে, সকালে আদালতে তুলে রাজধানীর পল্টন থানার প্রতারণার মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করে ডিবি।

তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম রিমান্ডের আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান এ তথ্য দিয়েছেন।

এদিন মাসুদ উদ্দিন চৌধুরীকে বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ জুলাইয়ে হত্যার অভিযোগ এনে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে প্রসিকিউশন। আগামী ৭ এপ্রিল তাকে হাজিরের নির্দেশ দেন ট্রাইব্যুনাল।

গত সোমবার (২৩ মার্চ) গভীর রাতে মাসুদ উদ্দিনকে বারিধারা ডিওএইচএস এলাকার বাড়ি থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন মানবপাচারের অভিযোগে তাকে ৫ দিনের রিমান্ডে পাঠান আদালত। তার বিরুদ্ধে সিন্ডিকেট করে ২৪ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে।

২০০৭ সালে সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসির দায়িত্বে থাকা মাসুদ উদ্দিন ‘এক-এগারোর’ পট পরিবর্তনের পর গুরুতর অপরাধ দমন-সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক ছিলেন।

এসময় বিএনপি ও আওয়ামী লীগের জ্যেষ্ঠ রাজনীতিকদের পাশাপাশি দেশের শীর্ষ কয়েকজন ব্যবসায়ীকেও আটক করা হয়। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনা এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকেও গ্রেপ্তার করে দুর্নীতির মামলা দেওয়া হয়।

/এফসি/