শিরোনাম

আরও দুই মামলায় আইভীর জামিন বহাল

নিজস্ব প্রতিবেদক
আরও দুই মামলায় আইভীর জামিন বহাল

হত্যার অভিযোগে সিদ্ধিরগঞ্জ থানার দুই মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনে রবিবার (১৭ মে) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক ‘নো অর্ডার’ দেন।

বিষয়টি নিশ্চিত করে আইভীর আইনজীবীরা জানান, এই দুই মামলাসহ মোট ১২ মামলায় আইভীর জামিন বহাল থাকায় এখন তার কারামুক্তিতে আইনি কোনো বাধা নেই।

এর আগে, ১০টি মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর সিদ্ধিরগঞ্জ থানার আরও দুটি মামলায় সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার দেখানো হয়। এই দুটি মামলার মধ্যে একটিতে গত ২ মার্চ এবং অন্যটিতে গত ১২ এপ্রিল তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। পরবর্তীতে গত ৩০ এপ্রিল এই দুই মামলায় হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পান আইভী। সেই জামিন আদেশ স্থগিত চেয়ে পৃথক আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ।

প্রসঙ্গত, গত বছরের ৯ মে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার বাসা থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে জুলাই গণঅভ্যুত্থানের সময় ঘটা তিনটি হত্যা ও দুটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এসব মামলায় ২০২৫ সালের ৯ নভেম্বর তাকে জামিন দেন হাইকোর্ট। সেই জামিনাদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করলে তা স্থগিত হয়ে যায়।

এরপর আরও তিনটি হত্যা মামলা ও দুটি হত্যাচেষ্টা মামলা হলে গত বছরের ১৮ নভেম্বর তাকে এসব মামলায় গ্রেফতার দেখানো হয়। পরবর্তীতে চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি এসব মামলায় হাইকোর্ট থেকে জামিন পান তিনি। হাইকোর্টের জামিনাদেশ স্থগিত চেয়ে আবারও আপিল বিভাগে আবেদন করেন রাষ্ট্রপক্ষ।

গত ৫ মার্চ হাইকোর্টের দেওয়া জামিনাদেশ স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। একই সঙ্গে শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠান। পরে ১০ মে আপিল বিভাগে এসব মামলায় শুনানি শেষে জামিন বহাল রাখা হয়।

/এফআর/