শিরোনাম

জামিনের জন্য কোটি টাকা দাবি: চিফ প্রসিকিউটর বললেন ‘তদন্ত হবে’

নিজস্ব প্রতিবেদক
জামিনের জন্য কোটি টাকা দাবি: চিফ প্রসিকিউটর বললেন ‘তদন্ত হবে’
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ছবি: সংগৃহীত

জামিন পাইয়ে দেওয়ার জন্য এক কোটি টাকা চাওয়ার অভিযোগ ওঠার পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক সাবেক প্রসিকিউটরকে ঘিরে বিতর্ক সৃষ্টি হয়েছে। এ ঘটনায় রুদ্ধদ্বার বৈঠক করেছে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়। বৈঠক শেষে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, অভিযোগটি নিয়ে অভ্যন্তরীণ তদন্ত করা হবে।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় চট্টগ্রাম শহরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলার আসামি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী। তাকে জামিনে মুক্তি পাইয়ে দেওয়ার জন্য তার পরিবারের কাছে এক কোটি টাকা দাবি করেছিলেন সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদার– এমন অভিযোগ উঠেছে।

হোয়াটসঅ্যাপ কথোপকথনের একাধিক অডিও রেকর্ডিংয়ে এ সংক্রান্ত তথ্য পাওয়া গেছে। রেকর্ডিংগুলো সংগ্রহ করেছে প্রথম আলো ও নেত্র নিউজ। দুই গণমাধ্যম রেকর্ডিংগুলো যাচাই করে এ বিষয়ে একটি যৌথ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে।

অভিযোগের বিষয়টি জানার পর সাইমুম রেজা তালুকদারকে সংশ্লিষ্ট মামলাটি থেকে সরিয়ে দেন ট্রাইব্যুনালের তৎকালীন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তবে তার বিরুদ্ধে অন্য কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি। ট্রাইব্যুনালের অন্যান্য দায়িত্ব থেকেও তাকে সরানো হয়নি।

সোমবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এক প্রজ্ঞাপনে জানায়, সাইমুম রেজা তালুকদারের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে এবং তাকে প্রসিকিউটর পদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ২০২৪ সালের ৭ অক্টোবর তিনি ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানান, সংবাদটি তিনি বাসায় বসে দেখেছেন। এরপরই তিনি সব প্রসিকিউটরকে সকাল ৯টার মধ্যে উপস্থিত থাকার নির্দেশ দেন এবং বিষয়টি নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করেন।

তিনি বলেন, যে প্রসিকিউটরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি সম্ভবত দুই বা তিন দিন আগে তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। এ ঘটনায় প্রকাশিত সংবাদে তিনি ব্যথিত বলে উল্লেখ করেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

/এসএ/