শিরোনাম

সুপ্রীম কোর্টের বাথরুম থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
সুপ্রীম কোর্টের বাথরুম থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার
মরদেহের প্রতীকী ছবি। গ্রাফিক্স: সিটিজেন জার্নাল

বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিজয় ৭১ ভবনের একটি বাথরুম থেকে কামাল উদ্দিন (৪৭) নামে এক কর্মচারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১ জুন) বিকাল চারটার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। ঘটনার কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) রাশেদুল আলম বলেন, দুপুরের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এরপর বিজয় ৭১ ভবনের বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এসময় তাকে জানালার গ্রিলের সঙ্গে গলায় রশি প্যাঁচিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

তিনি আরও বলেন, মৃতের আত্মীয়-স্বজন ও সহকর্মীদের কাছ থেকে জানা গেছে, সে দীর্ঘদিন মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিল। এ কারণে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করতে পারে।

ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে মৃত কামাল উদ্দিন এর ভাতিজা রাকিবুল হাসান বলেন, তাদের গ্রামের বাড়ি নেত্রকোণা সদর উপজেলার বড় কাটুরী গ্রামে। বাবার নাম মৃত কবির উদ্দিন। বর্তমানে আদাবর এক নম্বর রোডে স্ত্রী মোছা. মনি ও দুই মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন। তিনি সুপ্রীম কোর্টে জমাদার হিসেবে চাকরি করতেন। কামাল উদ্দিনের মা তাজ্জতন্নেছা দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত। গ্রামে থেকে তার চিকিৎসা চলছে। তিনি হতাশাগ্রস্ত ছিলেন। তবে কী কারণে আত্মহত্যা করেছে সে বিষয়ে এখনো জানা যায়নি।

/এমআর/