শিরোনাম

জুলাই সনদের কার্যক্রম স্থগিত চেয়ে রিট

নিজস্ব প্রতিবেদক
জুলাই সনদের কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ছবি: সিটিজেন জার্নাল

‘জুলাই জাতীয় সনদ-২০২৫’-এর কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্টের এক আইনজীবী রিটটি করেন।

এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণ করে। পরে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নেয়। এর ধারাবাহিকতায় গত বছরের ১৭ অক্টোবর ‘জুলাই জাতীয় সনদ, ২০২৫’ স্বাক্ষরিত হয়। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রস্তাব বাস্তবায়নে ঐকমত্যের একটি রাজনৈতিক দলিল এই জুলাই জাতীয় সনদ।

জুলাই জাতীয় সনদের কার্যক্রম স্থগিত চেয়ে যিনি রিট করেছেন তিনি হলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ। রিট দায়েরের তথ্য নিশ্চিত করে তিনি একটি গণমাধ্যমকে বলেন, তিনি জুলাই জাতীয় সনদ-২০২৫-এর বৈধতা চ্যালেঞ্জ করে জনস্বার্থে রিটটি করেছেন। জুলাই জাতীয় সনদ সংবিধানের সঙ্গে কেন সাংঘর্ষিক ঘোষণা হবে না, এ মর্মে রুল চাওয়া হয়েছে। রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জুলাই জাতীয় সনদ-২০২৫-এর কার্যক্রম স্থগিত চাওয়া হয়েছে রিটে। হাইকোর্টে আগামী সপ্তাহে রিটের ওপর শুনানি হতে পারে।

/বিবি/