শিরোনাম

শেখ রেহানার স্বামী শফিক সিদ্দিকের আয়কর নথি জব্দের আদেশ

আদালত সংবাদদাতা
শেখ রেহানার স্বামী শফিক সিদ্দিকের আয়কর নথি জব্দের আদেশ
শেখ রেহানা ও শফিক আহমেদ সিদ্দিক। কোলাজ: সিটিজেন গ্রাফিক্স

পৌনে ৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলায় তদন্তের মুখে থাকা শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিকের আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

দুদকের আবেদনের প্রেক্ষিতে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

শফিক আহমেদ সিদ্দিকের আয়কর নথি জব্দ চেয়ে দুদকের পক্ষে আবেদন করেন সংস্থাটির সহকারী পরিচালক ইসমাইল হোসেন।

আবেদনে বলা হয়, শফিক আহমেদ সিদ্দিক ৮ কোটি ৬৫ লাখ ৪১ হাজার ৬০ টাকা জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখার অপরাধ করেছেন। তাই দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় মামলা দায়ের করে, যা তদন্তাধীন।

এতে বলা হয়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ১৯ ধারা ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর ২০ বিধি অনুযায়ী আসামির আয়-ব্যয়ের সঠিকতা এবং মালিকানাধীন অন্য কোনো সম্পদ রয়েছে কি-না তা যাচাই/পরীক্ষা নিরীক্ষা করার জন্য তার ২০১৩-১৪ থেকে ২০২৪-২৫ করবর্ষ পর্যন্ত আয়কর জব্দ করে পর্যালোচনা করা প্রয়োজন।

/এফসি/