শিরোনাম

পাঁচ মামলায় আইভীর জামিন

নিজস্ব প্রতিবেদক
পাঁচ মামলায় আইভীর জামিন
সেলিনা হায়াৎ আইভী। ছবি: সংগৃহীত

পাঁচ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে পাঁচ মামলায় আইভীর জামিন বহাল রইল।

রোববার (১০ মে) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফাতেমা আক্তার।

গত বছরের ৯ মে ভোরে নারায়ণগঞ্জের নিজ বাসা থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে হাইকোর্ট ৫ মামলায় তাকে জামিন দেন।

তবে আপিল বিভাগে তা স্থগিত হয়ে যায়। এরমধ্যেই গত ১৮ নভেম্বর তাকে আরো ৫ মামলায় গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ গত ২৬ ফেব্রুয়ারি তাকে জামিন দেন।

পাঁচ মামলার মধ্যে যে চারটি মামলায় আইভীকে গ্রেপ্তার দেখানো হয়েছে সেগুলো হলো- ফতুল্লা থানায় করা বাস চালক আবুল হোসেন মিজি হত্যা, আব্দুর রহমান হত্যা, মো. ইয়াছিন হত্যা এবং পারভেজ হত্যা মামলা। হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার দেওয়ার অভিযোগে অপর মামলাটি হয়েছে সদর মডেল থানায়।

গত ৫ মার্চ হাইকোর্টের দেওয়া জামিনাদেশ স্থগিত করেন আপিল বিভাগের চেম্বার আদালত। একইসঙ্গে শুনানির জন্য নিয়মিত বেঞ্চে পাঠান। এরমধ্যে আরও দুই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সেগুলোতেও হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন তিনি।

/এসবি/