শিরোনাম

সাংবাদিক আনিস আলমগীর এবার দুদকের মামলায় গ্রেপ্তার

সাংবাদিক আনিস আলমগীর এবার দুদকের মামলায় গ্রেপ্তার
আদালত প্রাঙ্গণে সাংবাদিক আনিস আলমগীর। ছবি: সংগৃহীত

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর বুধবার (২৮ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

আনিস আলমগীরের আইনজীবী নাজনীন নাহার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আখতারুজ্জামান গত ২৫ জানুয়ারি এ মামলায় আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। সেদিন আসামির উপস্থিতিতে শুনানির জন্য আদালত আজ বুধবার দিন ধার্য করেন। শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।

এর আগে গত ১৪ ডিসেম্বর রাতে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল জিজ্ঞাসাবাদের কথা বলে আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নিয়ে যায়। পরে মধ্যরাতে ‘জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স’ নামে একটি সংগঠনের সদস্য আরিয়ান আহমেদ রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র এবং নিষিদ্ধ সংগঠনকে উসকে দেওয়ার অভিযোগে আনিস আলমগীরসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন।

ওই মামলার অন্য আসামিরা হলেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন, ফ্যাশন মডেল মারিয়া কিসপট্টা ও উপস্থাপক ইমতু রাতিশ ইমতিয়াজ। পরদিন ওই মামলায় আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখিয়ে পুলিশ পাঁচ দিনের রিমান্ডে নেয়। রিমান্ড শেষে ২০ ডিসেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাবন্দী রয়েছেন।

এর মধ্যেই গত ১৫ জানুয়ারি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আনিস আলমগীরের বিরুদ্ধে পৃথক একটি মামলা করে দুদক।

/এসএ/