শিরোনাম

সাবেক সচিব শহীদ খানের ৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ

আদালত সংবাদদাতা
সাবেক সচিব শহীদ খানের ৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ
আবু আলম মোহাম্মদ শহীদ খান। ছবি: সংগৃহীত

দেশত্যাগে নিষেধাজ্ঞার পর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানের নামে থাকা ৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে ৫ লাখ ৪৬ হাজার ২৪৭ টাকা রয়েছে।

দুদকের আবেদনের প্রেক্ষিতে রবিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী রিয়াজ হোসেন এ তথ্য জানান।

দুদকের পক্ষে সংস্থার সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, আবু আলম মোহাম্মদ শহীদ খানের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগের অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে জানা যায়, তিনি তার নিজ নামে অর্জিত এবং তার স্বার্থ সংশ্লিষ্ট এসব ব্যাংক হিসাবের অর্থ যেকোনো সময় তুলে নিয়ে অন্যত্র সরানোর চেষ্টা করছেন। এ অবস্থায় অভিযোগের অনুসন্ধান চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এসব হিসাব অবরুদ্ধ করা আবশ্যক।

এর আগে গত মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সাবেক সচিব শহীদ খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন একই আদালত।

উল্লেখ্য, গত বছর ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ ৭১’-এর আয়োজনে মুক্তিযুদ্ধ ও সংবিধান বিষয়ক এক আলোচনা সভায় বিশৃঙ্খলার ঘটনা ঘটে। ওই সময় সাবেক মন্ত্রী ও মুক্তিযোদ্ধা আবদুল লতিফ সিদ্দিকীসহ কয়েকজন আক্রান্ত হন।

এ ঘটনার পর পুলিশ লতিফ সিদ্দিকীসহ ১৬ জনকে হেফাজতে নেয় এবং পরে শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠায়।

এরই ধারাবাহিকতায় গত ৭ সেপ্টেম্বর পুলিশ শহীদ খানকে তার বাসা থেকে গ্রেপ্তার করে জানায়, তিনি ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং তার বিরুদ্ধে সরকারবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগ রয়েছে। গ্রেপ্তারে পর সন্ত্রাসবিরোধী আইনের ওই মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন পান তিনি।

/এফসি/