শিরোনাম

শিক্ষার্থীদের নিয়ে মহাকাশবিষয়ক সেমিনার ‘আকাশ দেখার পাঠশালা’

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি
শিক্ষার্থীদের নিয়ে মহাকাশবিষয়ক সেমিনার ‘আকাশ দেখার পাঠশালা’
পাবনার আদর্শ গার্লস হাইস্কুলে মহাকাশ বিষয়ক সেমিনারে আলোচনা করেন রিসার্চ ইন্টার্ন সোহানুর রহমান। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

পাবনার আদর্শ গার্লস হাইস্কুলে শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞান চর্চায় আগ্রহ বাড়াতে ‘আকাশ দেখার পাঠশালা’ শীর্ষক মহাকাশবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) বিদ্যালয়ের মিলনায়তনে বিজ্ঞানবিষয়ক সংগঠন অ্যাস্টেরিয়ন এ সেমিনারের আয়োজন করে। এতে বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির প্রায় ২৫০ ছাত্রী অংশ নেয়।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওহিদুর রহমান। তিনি বলেন, এ ধরনের বিজ্ঞানমুখী আয়োজন শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের বাইরের বিভিন্ন বিষয়ে কৌতূহলী করে তুলবে। একইসঙ্গে তাদের মেধা ও চিন্তাশক্তির বিকাশেও ভূমিকা রাখবে।

সেমিনারে মহাকাশবিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান ও মহাবিশ্বের নানা অজানা বিষয় নিয়ে আলোচনা করেন সেন্টার ফর অ্যাস্ট্রোনমি স্পেস সায়েন্স অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স (কাসা)-এর রিসার্চ ইন্টার্ন সোহানুর রহমান। তিনি শিক্ষার্থীদের কাছে মহাবিশ্বের বিভিন্ন রহস্য ও জ্যোতির্বিজ্ঞানের বিষয়গুলো সহজ ও আকর্ষণীয়ভাবে তুলে ধরেন।

আয়োজক সংগঠন অ্যাস্টেরিয়নের আহ্বায়ক রাকিবুজ্জামান শাদ বলেন, তরুণ প্রজন্মের মধ্যে মহাকাশবিজ্ঞানের প্রতি আগ্রহ তৈরি এবং বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলাই আমাদের এই আয়োজনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সেমিনারে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। মহাকাশবিষয়ক বিভিন্ন প্রশ্নের সঠিক উত্তরদাতা ছাত্রীদের শুভেচ্ছা স্বরূপ উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাস্টেরিয়নের সদস্য কেএম সোহানুর রহমান বাঁধন, সালমান রশিদ ও রওনক শাহরিয়ার। অনুষ্ঠানটির মুদ্রণ ও প্রকাশনা সহযোগিতায় ছিল সুনাম গ্রাফ।

/এসআর/