শিরোনাম

বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো স্কুলছাত্রী

মনোহরদী ও বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
মনোহরদী ও বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
বাল্যবিয়ে থেকে রক্ষা পেলো স্কুলছাত্রী
অভিযান চালিয়ে বাল্যবিবাহ প্রতিরোধ করে প্রশাসন

নরসিংদীর মনোহরদীতে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে এক কিশোরী বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে এই বাল্যবিবাহ বন্ধ করা হয়।

উপজেলা প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার চন্দনবাড়ী ইউনিয়নের লাখপুর পূর্বপাড়া গ্রামে নবম শ্রেণিতে পড়ুয়া ১৫ বছরের এক কিশোরীর সঙ্গে চরমান্দালিয়া গ্রামের এক ছেলের সঙ্গে বিয়ের আয়োজন করা হয়। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে সহকারী কমিশনার (ভূমি) মো.সজিব মিয়া পুলিশ নিয়ে ওই বাড়িতে যান। তিনি সেখানে ঘটনার সত্যতা পান।

পরে আত্মীয়স্বজনকে ডেকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বলার পর কিশোরীর মা ১৮ বছরের আগে তার মেয়েকে বিয়ে দেবেন না বলে লিখিতভাবে অঙ্গীকার করেন। এ সময় মেয়ের পড়াশোনা চালিয়ে যাবার পরামর্শ দেওয়া হয়েছে।

কিশোরীর মা বলেন, ‘আমরা ভুল করে ফেলেছি। এ জন্য আমরা অনুতপ্ত। ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত আমরা তাকে বিবাহ দেবো না।’

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী বিচারক মো. সজিব মিয়া বলেন, ‘চন্দনবাড়ী ইউনিয়নের লাখপুর পূর্বপাড়া গ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় মেয়ের প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেবে না মর্মে মুচলেকা নেওয়া হয়েছে। বাল্যবিবাহ রোধে উপজেলা প্রশাসন সব সময় তৎপর রয়েছে।’

/এসআর/