শিরোনাম

নিরাপত্তা প্রহরীকে অস্ত্র ঠেকিয়ে বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রাংশ লুট

নরসিংদী প্রতিনিধি
নিরাপত্তা প্রহরীকে অস্ত্র ঠেকিয়ে বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রাংশ লুট
ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। ছবি: প্রতিনিধি

নরসিংদীতে নিরাপত্তা প্রহরী ও লাইনম্যানকে অস্ত্রের মুখে জিম্মি করে বিদ্যুৎ উপ-কেন্দ্রের যন্ত্রাংশ লুট করে নিয়েছে একটি চক্র। রবিবার (২৬ এপ্রিল) ভোরে নরসিংদী সদরের ভাগদী ২০ কেভি বিদ্যুৎ উপ-কেন্দ্রে এ ঘটনা ঘটে।

লুট করা যন্ত্রাংশের মধ্যে রয়েছে তামার তার, ডিসকানেক্ট সুইসের ব্লেড, কন্ট্রোল প্যানেল ক্যাবল ও রাইজারের তার। এসব যন্ত্রাংশের বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।

নরসিংদী পল্লীবিদ্যুৎ সমিতি-১ এর ঘোড়াশাল জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক মো. মনোয়ার হোসেন সুমন জানান, রবিবার ভোরে ভাগদী সাব-স্টেশনে কর্মরত লাইনম্যান আব্দুল ওয়াজেদ ও নিরাপত্তা প্রহরী ইয়াসিনকে ৫ থেকে ৬ জন দুর্বৃত্ত দেশিয় অস্ত্রের মুখে জিম্মি করে।

তিনি আরও জানান, চলতি লাইন থেকে তামার তার, ডিসকানেক্ট সুইসের ব্লেড, কন্ট্রোল প্যানেল ক্যাবল ও রাইজারের তার কেটে নিয়ে যায়। এর ফলে পলাশ উপজেলার কয়েকটি গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল-মামুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। এই বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এসআর/