শিরোনাম

নরসিংদীকে আধুনিক ও পরিকল্পিত জেলা করার অঙ্গীকার খায়রুল কবিরের

নরসিংদী প্রতিনিধি
নরসিংদীকে আধুনিক ও পরিকল্পিত জেলা করার অঙ্গীকার খায়রুল কবিরের
সংবাদ সম্মেলনে ইশতেহার পাঠ করেন খায়রুল কবির খোকন। ছবি: সিটিজেন জার্নাল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী-১ (সদর) আসনের বিএনপি প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন।

রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদীর চিনিশপুরে জেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই ইশতেহার তুলে ধরেন।

খায়রুল কবির খোকন তার ইশতেহারে নরসিংদীকে একটি আধুনিক, মানবিক ও পরিকল্পিত জেলা হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, নির্বাচিত হলে প্রধান লক্ষ্য হবে জনগণের প্রত্যাশা অনুযায়ী একটি উন্নত ও বাসযোগ্য শহর গড়ে তোলা।

শিক্ষা খাতের আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ নতুন শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনসহ কারিগরি ও প্রযুক্তি শিক্ষার সুযোগ বৃদ্ধি করা হবে। বেকারত্ব দূর ও যুবকদের স্বাবলম্বী করতে কর্মসংস্থানের নতুন নতুন ক্ষেত্র তৈরির ওপর জোর দেওয়া হবে।

ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে খায়রুল কবির খোকন বলেন, আমি সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা ও একটি সমৃদ্ধ নরসিংদী গড়তে চাই। এই লক্ষ্য বাস্তবায়নে তিনি ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

ইশতেহারে স্বাস্থ্য ও অবকাঠামো উন্নয়নে নরসিংদীতে একটি মেডিকেল কলেজ স্থাপন, আধুনিক সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনাও তুলে ধরা হয়। মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়। এছাড়া কৃষক ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য বিশেষ সহায়তা এবং গত জুলাই বিপ্লবের আহত যোদ্ধাদের সুচিকিৎসা ও পূর্ণাঙ্গ পুনর্বাসনের বিষয়টিও ইশতেহারে স্থান পেয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি ভিপি জলিল, একেএম গোলাম কবির কামাল, হারুন অর রশিদ, রবিউল ইসলাম রবি, খবিরুল ইসলাম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় সংবাদকর্মীরা।

/এসআর/